কলকাতা- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের ‘স্বনির্ভর বাংলা’ গড়ার লক্ষ্যে বড়সড় পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার। ১ এপ্রিল থেকে রাজ্যে আনুষ্ঠানিকভাবে চালু হতে চলেছে ‘যুবসাথী’ প্রকল্প।
এই প্রকল্পের রূপায়ণ ও প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্যের সমস্ত জেলাশাসকদের নিয়ে জরুরি বৈঠকে বসলেন মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী।
মুখ্যসচিবের নির্দেশ অনুযায়ী, ১৫ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রেই বিশেষ ক্যাম্পের আয়োজন করা হচ্ছে।
ছুটির দিন বাদে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই ক্যাম্পগুলি চলবে। বিডিও অফিস, মিউনিসিপ্যালিটি অফিস ছাড়াও যেখানে মানুষের আনাগোনা বেশি, সেখানেই ‘দুয়ারে সরকার’-এর আদলে এই ক্যাম্পগুলি বসবে।
প্রতিটি ক্যাম্পে চারটি গুরুত্বপূর্ণ দফতরের আধিকারিকরা উপস্থিত থাকবেন। দফতরগুলি হলো— যুব কল্যাণ, কৃষি, বিদ্যুৎ এবং নারী ও শিশু কল্যাণ দফতর। এই ক্যাম্প থেকে মূলত ‘যুবসাথী’ প্রকল্পের আবেদনকারী, লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তা, ভূমিহীন ক্ষেত মজদুর এবং সাধারণ কৃষকরা সরকারি সুবিধার জন্য আবেদন করতে পারবেন।
আবেদনকারীদের সঙ্গে আনতে হবে আধার কার্ড, জাতিগত শংসাপত্র, ব্যাঙ্ক পাসবইয়ের প্রথম পাতার জেরক্স, মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড এবং ২ কপি পাসপোর্ট সাইজ ছবি। প্রশাসনিক নির্দেশে জানানো হয়েছে, নথিপত্র সঠিকভাবে যাচাই করার পরই তা গ্রহণ করে নির্দিষ্ট পোর্টালে আপলোড করতে হবে।
