কলকাতা- যুবভারতী কাণ্ডে সিবিআই তদন্তের দাবি খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে, রাজ্য সরকারের গঠিত বিশেষ তদন্তকারী দল বা ‘সিট’ (SIT)-এর ওপরেই আপাতত তদন্তের ভার বহাল থাকবে।
রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ অন্য মামলাকারীরা সিবিআই তদন্তের দাবি জানালেও আদালত তা গ্রহণ করেনি। আদালতের পর্যবেক্ষণ-
কোনও ঘটনার তদন্ত করা পুলিশের সাংবিধানিক অধিকার। তদন্তের এই প্রাথমিক পর্যায়ে তাকে ‘পক্ষপাতদুষ্ট’ বলা যায় না। এছাড়া গেজেট নোটিফিকেশন মেনে আইন অনুযায়ী এই কমিটি গঠিত হয়েছে। এর জন্য বিধানসভায় প্রস্তাব পাশ করা বাধ্যতামূলক নয়। এছাড়াও শুধুমাত্র অভিযোগের ভিত্তিতে সিবিআই তদন্ত দেওয়া যায় না। অত্যন্ত বিরল এবং ব্যতিক্রমী ক্ষেত্রেই তদন্তভার সিবিআই-কে দেওয়া হয়।
রাজ্য সরকার এবং আয়োজক সংস্থাকে আগামী চার সপ্তাহের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মামলার পরবর্তী শুনানি হবে আগামী ফেব্রুয়ারি মাসে।
উল্লেখ্য, গত ১৫ ডিসেম্বর শুভেন্দু অধিকারী এবং আরও কয়েকজন মামলাকারী রাজ্যের গঠিত তদন্ত কমিটির ক্ষমতাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হন। তাঁদের দাবি ছিল, রাজ্যের সিট সঠিক তদন্ত করতে পারবে না, তাই আদালতের নজরদারিতে পৃথক কমিটি বা সিবিআই তদন্ত প্রয়োজন।
