কলকাতা- জুবিন গর্গের মৃত্যুতে শুধু গোটা অসম নয়, শোকস্তব্ধ গোটা বিশ্ব। একাধিক ভাষায় প্রায় ৪০০- এর বেশি গান গেয়েছেন এই গায়ক। তবে হয়তো এই ব্যাপারটা কেউ জানতেন না, জুবিন গর্গের সর্বশেষ ছবি এখনও মুক্তি পায়নি। গায়কের সর্বশেষ প্রজেক্ট রই রই বিনালে নিয়ে মুখ খুললেন স্ত্রী গরিমা।
সাক্ষাৎকার দিতে গিয়ে গরিমা বলেন, ‘আমরা একটি ছবি নিয়ে কাজ করছিলাম, যা এখনও মুক্তি পায়নি। ছবিটি আগামী ৩১ অক্টোবর মুক্তি পাবে। এটাই হবে ওঁর শেষ ছবি। ছবির নাম রোই রোই বিনালে। ও যেমন চেয়েছিল, ঠিক সেই ভাবেই আমাদের কাজ করতে হবে। যেদিন কথা ছিল সেদিনই মুক্তি পাবে ছবিটি।’
গরিমা আরও বলেন, ‘দুর্ভাগ্যবশত এই ছবির ভয়েস ডাবিং শেষ হয়নি এখনও। তবে এই ছবিতে একেবারে অন্য চরিত্রে ধরা দিয়েছিল ও। একজন অন্ধ শিল্পীর চরিত্রে অভিনয় করেছিল জুবিন। এই সিনেমার গল্পটি ছিল সম্পূর্ণ সঙ্গীত প্রেমের গল্প। আমার মনে হয়, এই সিনেমার গল্প সবার খুব পছন্দ হবে।’
মঙ্গলবার গুয়াহাটিতে সোনাপুরের কামারকুচি গ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় জুবিনের শেষকৃত্য সম্পন্ন হয়। জুবিনের বোন পামে বোর ঠাকুর দাদার শেষকৃত্য সম্পন্ন করেন। প্রায় কয়েক লক্ষ মানুষের সামনে শেষকৃত্য সম্পন্ন হয় অসমের সন্তান জুবিনের। এই জনস্রোত দেখে জুবিনের নাম লিমকা বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড অন্তর্ভুক্ত করা হয়।
১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করার সময় আচমকাই অচৈতন্য হয়ে পড়েন সঙ্গীতশিল্পী। তড়িঘড়ি একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও প্রাণ বাঁচানো সম্ভব হয়নি।
