কলকাতা- মাত্র ৫২ বছর বয়সে জনপ্রিয় গায়ক জুবিন গর্গের অকাল প্রয়াণ! শোকস্তব্ধ দেশবাসী। ‘নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভাল’-এ যোগ দিতে সিঙ্গাপুরে গিয়েছিলেন জুবিন। সেখানেই গত শুক্রবার স্কুবা ডাইভিং করতে গিয়েই প্রাণ হারান তিনি।
প্রথম থেকেই গায়কের মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। অসমের ভূমিপুত্রের মৃত্যু নিয়ে তদন্ত করা হবে বলেও জানিয়েছিলেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।
সিঙ্গাপুর হাইকমিশন কর্তৃক জারি করা জুবিনের মৃত্যুর শংসাপত্র এসে পৌঁছেছে। জলে ডুবেই গায়কের মৃত্যু হয়েছে বলে উল্লেখ রয়েছে ওই শংসাপত্রে। এমনটাই জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী।
হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন, সিঙ্গাপুর থেকে পাঠানো মৃত্যুর শংসাপত্রে গায়কের মৃত্যুর কারণ হিসেবে জলে ডুবে যাওয়াকে উল্লেখ করা হয়েছে। তবে অসম সরকার যত দ্রুত সম্ভব ময়নাতদন্তের রিপোর্ট সংগ্রহের চেষ্টা চালাচ্ছে বলে জানান তিনি।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগামী ২৩ সেপ্টেম্বর সকাল ৮টা নাগাদ কামারকুচি গ্রামে জুবিনের শেষকৃত্য সম্পন্ন হবে।
