কলকাতা- ১২ ফেব্রুয়ারি ২০২৬ দেশজুড়ে বড়সড় অচলাবস্থার আশঙ্কা। কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও কৃষক সংগঠনগুলির যৌথ আহ্বানে ওই দিন ‘ভারত বন্ধ’ পালিত হবে।
সরকারি ব্যাঙ্ক, বিভিন্ন রাজ্যের সরকারি দপ্তর, গণপরিবহন পরিষেবা এবং বাজার-দোকানে প্রভাব পড়তে পারে। কিছু রাজ্যে পরিস্থিতি অনুযায়ী স্কুল-কলেজও বন্ধ থাকতে পারে বলে জানা গেছে।
১০টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের যৌথ মঞ্চ—INTUC, AITUC, HMS, CITU, AIUTUC, TUCC, SEWA, AICCTU, LPF এবং UTUC—এই ধর্মঘটের ডাক দিয়েছে।
সংগঠনগুলির দাবি, গত বছর ২৯টি শ্রম আইন বাতিল করে যে চারটি শ্রম কোড চালু করা হয়েছে, তা শ্রমিকদের স্বার্থবিরোধী। তাদের অভিযোগ, নতুন কোডে শ্রমিকদের অধিকার খর্ব হয়েছে, চাকরির নিরাপত্তা কমেছে এবং নিয়োগকর্তাদের কর্মী নিয়োগ ও ছাঁটাই সহজ হয়েছে। পাশাপাশি বেসরকারিকরণ, মজুরি কাঠামো এবং সামাজিক সুরক্ষার অভাব নিয়েও তারা উদ্বেগ প্রকাশ করেছে।
সরকারি ব্যাঙ্কগুলিতে পরিষেবা আংশিকভাবে ব্যাহত হতে পারে। অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন, অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স অ্যাসোসিয়েশন এবং ব্যাঙ্ক এমপ্লয়িজ ফেডারেশন অব ইন্ডিয়া তাদের সদস্যদের ধর্মঘটে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে।
সারা দেশে একযোগে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা নেই। তবে কেরল, কর্ণাটক ও ওডিশা-সহ কয়েকটি রাজ্যে স্থানীয় সংগঠনগুলির সমর্থন বা পরিবহন ব্যাহত হলে স্কুল-কলেজ বন্ধ থাকতে পারে।
জরুরি পরিষেবা—হাসপাতাল, অ্যাম্বুল্যান্স, বিমানবন্দর ও প্রয়োজনীয় ইউটিলিটি পরিষেবা—স্বাভাবিক রাখার চেষ্টা করা হবে বলে জানানো হয়েছে।
