কলকাতা- এইচআইভি (HIV)-র থাবা এবার খোদ সমাজের উচ্চবিত্ত ও সুপ্রতিষ্ঠিত মহলে। পূর্ব বর্ধমান জেলায় নতুন করে ৯০ জন এইচআইভি পজিটিভ রোগীর সন্ধান পাওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে।
শুধু বর্ধমান শহরেরই ৩০ জন যুবক রয়েছেন, যাঁরা প্রত্যেকেই উচ্চশিক্ষিত এবং পেশাগতভাবে সুপ্রতিষ্ঠিত। সমকামী সম্পর্কের ক্ষেত্রে অসুরক্ষিত যৌন আচরণই এই সংক্রমণের মূল কারণ বলে প্রাথমিকভাবে মনে করছে জেলা স্বাস্থ্য দপ্তর।
জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, সম্প্রতি দীর্ঘদিনের অসুস্থতায় ভোগা এক যুবকের পরীক্ষা করালে তাঁর এইচআইভি পজিটিভ রিপোর্ট আসে। এরপর তাঁর ঘনিষ্ঠ সংস্পর্শে আসা ব্যক্তিদের পরীক্ষা শুরু করলে একে একে আরও আক্রান্তের হদিশ মেলে।
তদন্তে উঠে এসেছে, সামাজিক মাধ্যমে পরিচয়ের পর অনিরাপদ যৌন সম্পর্কের কারণেই সংক্রমণ বৃদ্ধি ঘটেছে। এই যৌন র্যাকেটের জাল দিল্লি থেকে চেন্নাই, কিংবা কলকাতা থেকে মুম্বই, দেশের সর্বত্রই ছড়িয়ে আছে বলে স্বাস্থ্য দপ্তরের দাবি ।
জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক (CMOH) জয়রাম হেমব্রম জানান, “লাগাতার সচেতনতা প্রচার সত্ত্বেও অনেকে ঝুঁকিপূর্ণ আচরণ থেকে বিরত থাকছেন না। আমরা পরীক্ষার সংখ্যা বাড়াচ্ছি। শুধুমাত্র পুরুষ নয়, মহিলা ও যুবসমাজের মধ্যেও সংক্রমণের হার বাড়ছে, যা অত্যন্ত চিন্তার বিষয়।”
