কলকাতা- মাত্র ২২ বছর বয়সেই প্রয়াত বাংলার ক্রিকেটার প্রিয়জিৎ ঘোষ। জিম করার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর। ঘটনাটি ঘটেছে বোলপুর শহরের মিশন কম্পাউন্ড এলাকায়। তাঁর বাড়ি জামবুনিতে।
রোজের মতো জিমে গিয়ে শরীরচর্চা করতে গিয়ে কীভাবে মৃত্যু হয়েছে তাঁর, তা নিয়ে চর্চা অব্যাহত। জেলা থেকেই শুরু হয়েছিল তাঁর ক্রিকেটীয় সফর। ২০১৮-১৯ মরশুমে সিএবি আয়োজিত আন্তঃজেলা অনূর্ধ্ব-১৬ ক্রিকেট প্রতিযোগিতায় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছিলেন প্রিয়জিৎ।
সিএবি’র পক্ষ থেকে বিশেষ পদক দিয়ে পুরস্কৃত করা হয়েছিল তাঁকে। বিরাট কোহলির ভক্ত ছিলেন তিনি। কোহলির মতো সব সময় ফিট রাখতেই পছন্দ করতেন। বাংলার হয়ে রঞ্জি খেলে ভারতীয় দলে খেলার স্বপ্ন ছিল তাঁর। কিন্তু তার আগেই সব শেষ।
