কলকাতা- প্রতিশোধ কি তা হলে শুধু সময়ের অপেক্ষা? কিছুক্ষণের মধ্যেই কাশ্মীরে জঙ্গি হামলার যোগ্য জবাব দিতে প্রস্তুত ভারত। এমনই ইঙ্গিত দিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।
উল্লেখ্য, গতকাল পহেলগাঁওয়ের বৈসরণ উপত্যকায় জঙ্গিদের গুলিতে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ২৭ জন পর্যটক। ঘটনার দায় স্বীকার করে নিয়েছে পাক মদতপুষ্ট লস্কর-ই তৈবার সংগঠন টিআরএফ কাশ্মীর রেজিস্ট্যান্স ফোর্স। বুধবার সেনা সর্বাধিনায়ক, তিন সেনাপ্রধানদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকের পরই হুঙ্কার দিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিনি জানালেন, কেউ রেহাই পাবে না। শুধু হামলাকারীদের বিরুদ্ধেই নয়, নেপথ্যে থাকা মাস্টার মাইন্ডদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। তবে কি আজই পাকিস্তানের জঙ্গিঘাঁটিতে সার্জিক্যাল স্ট্রাইক চালাবে ভারতীয় সেনা? রাজনাথের হুঙ্কারের পর সেই জল্পনাই এখন তুঙ্গে।
কাশ্মীরে জঙ্গি হানায় ২৭ পর্যটকের মৃত্যুর ঘটনায় শোকস্তব্ধ গোটা দেশ। ক্ষোভে ফুঁসছে প্রায় দেড়শো কোটি মানুষ। নিন্দা প্রকাশ করেছে বিশ্বের বহু দেশ। গতকাল বিকেলেই ঘটনাস্থলে পৌঁছেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা। সফর কাটছাঁট করে আজ সকালেই সৌদি আরব থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
আজ সন্ধ্যা ছ’টায় প্রধানমন্ত্রীর বাসভবনে জাতীয় নিরাপত্তা পরিষদের উচ্চপর্যায়ের বৈঠক রয়েছে। সাধারণত যুদ্ধ পরিস্থিতিতে এই ধরনের বৈঠক হয়। পুলওয়ামা কাণ্ডের পরও একইভাবে বৈঠক হয়েছিল প্রধানমন্ত্রীর বাসভবনে। তাহলে কি পাকভূমিতে হামলা চালানোর পরিকল্পনা করে ফেলেছে ভারত?
