কলকাতা – কেটে গিয়েছে ১ বছর। পহেলগাঁওতে সন্ত্রাসীদের নারকীয়তার ক্ষত আজও দগদগে গোটা দেশের।
পাকিস্তানি সন্ত্রাসীদের সেই নারকীয় হত্যাকাণ্ডের দিনের একাধিক চাঞ্চল্যকর তথ্য় এবার উঠে আসতে শুরু করেছে। এনডিটিভি’র এক রিপোর্ট বলছে, ২২ এপ্রিল ২০২৫ সালে পহেলগাঁওতে নৃশংস হত্যাকাণ্ডের দিনে, দুপুরের দিকে বৈসরণের উপত্যকায় এক গাছের তলায় বসে দুপুরের সমস্ত খাওয়াদাওয়া সেরে ফেলে তিন জঙ্গি।
আর খাওয়া দাওয়া সেরেই নিরীহদের খুনের নৃশংসতায় তারা মেতে ওঠে। এই ঘটনার আগেও তাদের গতিবিধি সম্পর্কে বেশ কিছু তথ্য উঠে এসেছে। জানা গিয়েছে, ঘটনার ঠিক আগের দিন, পরভেজ আহমেদ, তাঁর পরিবারের সঙ্গে নিজেদের কুড়ে ঘরে ছিলেন বিকেল ৫ টা নাগাদ। সেই সময়ই তিনজন জঙ্গি অস্ত্র সহ সেখানে আসে। পরভেজদের থেকে জল চায়। তারা তা দেয়। সশস্ত্র ওই জঙ্গিরা তখনও কি করতে চলেছে, তা ঠাওর করা যায়নি।
তারা পরভেজকে জানিয়েছিল, তারা খুব ক্লান্ত, অনেক দূর থেকে এসেছে। পরভেজ তাঁদের জল দেন। তা পেয়ে খুশি হয়ে পরভেজের সুখ্যাতিও করতে থাকে জঙ্গিরা। পরভেজ বলছেন,’তারা পাঞ্জাবি টানে উর্দুতে কথা বলছিল এবং তাদের দেখে কাশ্মীরি বলে মনে হচ্ছিল না। আমি বুঝতে পারলাম যে তারা মুজাহিদ। তারা আমাকে তাদের ব্যাগ ও থলেগুলো লুকিয়ে রাখতে বলল। তারা সেখানেই থাকাকালীন আমি ধোকে (কুড়ে ঘরে) শুয়ে আমার কম্বলের নিচে সেগুলো লুকিয়ে রাখলাম। আমি আমার স্ত্রী তাহিরাকে আমাদের সবার জন্য চা তৈরি করতে বললাম।’
এরপর পরভেজ বলেন, পরে তারা খাবার খেয়ে রুটি প্যাক করে দিতে বলে রাত ১০টার মধ্যে চলে যায়। তিনজন সন্ত্রাসীকে আশ্রয় দেওয়ার অভিযোগে পারভেজ ও তার কাকা বশির আহমেদ জোথার ২২শে জুন, ২০২৫ গ্রেফতার হন। পরের দিন দিনের বেলাতেই ওই জঙ্গিদের গাছের নিচে বসে মধ্যাহ্নভোজ সারতে দেখা যায়। এরপর পহেলগাঁওয়ের নৃশংস হত্যাকাণ্ড!
তদন্তকারীরা ১,১০০ জনেরও বেশি লোককে জিজ্ঞাসাবাদ করার পর যে অভিযোগপত্রটি দাখিল করেছেন, তা অনুযায়ী, খাওয়ার পর ২ জঙ্গি এলাকা রেইকি করে। তারপর তিনজনে মিলে বসে আলোচনা করে। এরপর বেড়া টপকে তারা পার্কে প্রবেশ করে। তাদের মধ্যে একজনের মাথায় ছিল গো প্রো ক্যামেরা।
দুইজন সন্ত্রাসী শৌচাগারগুলোর পাশ দিয়ে সোজা পার্কের প্রধান প্রবেশদ্বারের দিকে এগিয়ে যায়, আর তৃতীয়জন জিপলাইনের শেষ প্রান্তের দিকে যায়। এরপর এমফোর কার্বাইন থেকে দুপুর ২.২৩ মিনিটে প্রথম গুলি যায়। কয়েক সেকেন্ড পরেই, অন্য দুই সন্ত্রাসী ধাবা ও ঢালু এলাকার কাছে নিজেদের অবস্থান থেকে একে-৪৭ রাইফেল থেকে গুলি চালায়।
