কলকাতা: ওএমআর শিটে গলদ। অনেক যোগ্য শিক্ষকের নাম বাদ গিয়েছে ‘যোগ্য তালিকা’ থেকে। এই ইস্যুতে বৃহস্পতিবার সকাল থেকে স্কুল সার্ভিস কমিশনের অফিসের সামনে আন্দোলন শুরু করলেন তাঁরা। যেখানে আদালতে ওএমআরে কারচুপির বিষয়টি এখনও প্রমাণিত হয়নি, সেখানে এসএসসি কী করে তাঁদের ‘অযোগ্য’ বলে দাগিয়ে দিয়ে বেতন বন্ধ করে দিতে পারে? দাবি তাঁদের।
রাজ্যের পক্ষ থেকে অযোগ্য হিসাবে চিহ্নিত ১৭ হাজার ২০৬ জন শিক্ষকের নামের তালিকা তৈরি করা হয়েছিল। সেই তালিকা মধ্য শিক্ষা পর্ষদ জমা দেয় সুপ্রিম কোর্টেও। গতকাল সেখান থেকে আরও ১৮০৩ জনের নাম বাদ দেওয়া হয়েছে। তাঁদের নাম বাদ দিয়ে নতুন তালিকায় শিক্ষক-শিক্ষিকার সংখ্যা ১৫,৪০৩। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, এই শিক্ষকেরা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্কুলে যেতে পারবেন এবং বেতন পাবেন। তাঁদের নতুন নিয়োগপ্রক্রিয়ায় যোগ দিতে হবে, যে নিয়োগপ্রক্রিয়া চলতি বছরের মধ্যে শেষ করতে বলেছে শীর্ষ আদালত।
আজ সকাল থেকে একে একে স্কুলের পথে পা বাড়িয়েছেন শিক্ষকদের একাংশ। তবে তাঁরা জানিয়েছেন আদালতের রায় মেনে তাঁরা স্কুলে যাবেন। পাশাপাশি তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন।
