‘আমার সঙ্গে শুভেন্দুর আবেগের সম্পর্ক!’ মহুয়ার মুখে হঠাৎ এমন কথা! বাংলার রাজনীতিতে বাড়ছে গুঞ্জন

কলকাতা- বাংলার রাজনীতিতে দলবদল ও রাজনৈতিক অস্থিরতার এই সময়ে তৃণমূল কংগ্রেসের অন্দরে নতুন করে জল্পনা উসকে দিলেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র। 

তৃণমূলের বিদ্রোহী বিধায়কদের চাপে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন দল যখন ধুঁকছে, তখন দলের অন্যতম বিশ্বস্ত এই নেত্রীর মন্তব্যে তৈরি হয়েছে রাজনৈতিক চাঞ্চল্য। এক সাক্ষাৎকারে মহুয়া মৈত্র তাঁর রাজনৈতিক প্রতিপক্ষ এবং বর্তমানে বিজেপির প্রভাবশালী নেতা শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা করেছেন।

দীর্ঘদিনের তৃণমূল সহকর্মী শুভেন্দুর সঙ্গে তাঁর একটি ‘আবেগঘন সম্পর্ক’ রয়েছে বলে জানিয়েছেন মহুয়া। তিনি বলেন, “ব্যক্তিগত স্তরে শুভেন্দু অধিকারীর সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো। আমরা যখন তৃণমূলে একসঙ্গে ছিলাম, তখন তিনি আমাকে অনেক সাহায্য করেছিলেন।”

২০১৪ সালে লোকসভা নির্বাচনে টিকিট না পাওয়ার দুঃসময়ে শুভেন্দুই তাঁকে সান্ত্বনা দিয়েছিলেন বলে জানান মহুয়া। তাঁর কথায়, “২০১৪ সালে আমি টিকিট না পেয়ে সারা রাত কেঁদেছিলাম। তখন শুভেন্দু পাশে ছিলেন।”

মহুয়ার প্রথম বিধানসভা নির্বাচনেও শুভেন্দুর অবদানের কথা স্মরণ করেছেন তিনি। মহুয়া জানান, ২০১৬ সালে যখন তিনি করিমপুর থেকে প্রথমবার ভোটে লড়েন, তখন দলের কোনো সিনিয়র নেতা প্রচারে আসেননি। সেই প্রথম জনসভায় শুভেন্দু অধিকারীই তাঁকে সমর্থন জানাতে উপস্থিত হয়েছিলেন। যদিও শুভেন্দু তৃণমূলে নেই এবং বর্তমানে বিজেপিতে যোগ দিয়েছেন, তবুও মহুয়ার মতে, ব্যক্তিগত সম্পর্ক সবসময় দলীয় রাজনীতির ঊর্ধ্বে।

তৃণমূলের জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মহুয়া মৈত্রের এই ‘অস্বাভাবিক’ প্রশংসা রাজনৈতিক মহলে নতুন করে জল্পনার জন্ম দিয়েছে। মহুয়া জানিয়েছেন, শুভেন্দুর সঙ্গে বর্তমানে তাঁর নিয়মিত কথা হয় না, কিন্তু প্রাক্তন সহকর্মীর সাহায্য তিনি কখনও ভুলতে পারবেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *