ভারতীয় সেনার তথ্য পাঁচার করত এই মহিলা! ইউটিউবার জ্যোতি আসলে পাক গুপ্তচর

কলকাতা-‘অপারেশন সিঁদুর’-এর সময় থেকেই চলছিল গুপ্তচর বৃত্তি। দেশের মাটিতে বসেই দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছিলেন বেশ কিছু ইউটিউবার। বেশ কিছু তথ্য তুলে দেওয়া হয়েছিল পাক গোয়েন্দা সংস্থা আইএসআই-এর হাতে। এরকমই গুরুতর অভিযোগের ভিত্তিতে হরিয়ানা থেকে মোট ছয় জনকে গ্রেপ্তার করা হয়েছে। যার মধ্যে একজন মহিলা ইউটিউবারও রয়েছেন।

হরিয়ানার হিসার থেকে গ্রেপ্তার হওয়া ওই মহিলা ইউটিউবারের নাম জ্যোতি মালহোত্রা। হরিয়ানা পুলিশের তথ্য অনুযায়ী জ্যোতি তিন বার পাকিস্তান গিয়েছেন। চলতি বছরের মার্চ মাসেই তাঁর পাকিস্তান ভ্রমণের বেশ কিছু ভিডিয়ো নিজের প্রোফাইলে শেয়ার করেছিলেন। বর্তমানে জ্যোতির ইন্সটাগ্রাম প্রোফাইলে ৩ লক্ষ ৭৭ হাজার সাবস্ক্রাইবার এবং এক লক্ষের বেশি ফলোয়ার রয়েছে।

পুলিশের তদন্তে উঠে এসেছে, ‘ট্রাভেল উইথ জো’ নামে একটি ইউটিউব চ্যানেল ও ইন্সটাগ্রাম পেজ চালান জ্যোতি। ২০২৩ সালে তিনি পাকিস্তানে গিয়ে সেই দেশের হাই কমিশনের কর্মী এহসান-উর-রহিম ওরফে দানিশ নামে একজনের সঙ্গে পরিচিত হন। সেই সূত্রেই পাকিস্তানের আইএসআইয়ের প্রতিনিধিদের সঙ্গে যুক্ত হন জ্যোতি। হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম চ্যাটের মাধ্যমে পাকিস্তানি এজেন্টদের বিভিন্ন তথ্য পাঠাতেন জ্যোতি। খবরের বিনিময়ে মোটা টাকা পেমেন্ট আসত বলেও মনে করা হচ্ছে।

হরিয়ানা পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, যাঁদের গ্রেপ্তার করা হয়েছে, তাঁদের ফোন-সহ অন্যান্য ব্যবহৃত ডিভাইস ঘেঁটে দেখা হচ্ছে। কার কার সঙ্গে তাঁরা যোগাযোগ রাখতেন, কী তথ্য আদান প্রদান হতো, সব কিছু খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *