কাশ্মীর – বিশ্বের উচ্চতম রেলসেতু চেনাব রেলব্রিজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জম্মু-কাশ্মীরের চন্দ্রভাগা নদীর উপর তৈরি এই ব্রিজটি বিশ্বের উচ্চতম আর্চ ব্রিজ।
এদিন এই ব্রিজের উদ্বোধনের পাশাপাশি চালু হল শ্রীনগর-কাটরা রেলপথও। এই রেলপথে এদিন বন্দে ভারত এক্সপ্রেসকেও ছুটতে দেখা গেল।
প্রসঙ্গত, স্টিল ও কংক্রিট দিয়ে তৈরি এই চেনাব সেতুটি এমন প্রযুক্তিতে তৈরি করা হয়েছে যে রিখটার স্কেল ৮ মাত্রার ভূমিকম্পেও এটি ভেঙে পড়বে না। বড়সড় বিস্ফোরণেও সেতুটির ভেঙে পড়ার সম্ভাবনা কম।
সুত্রের খবর, ২০০৩ সালে বাজপেয়ী সরকার এই ব্রিজটি বানানোর অনুমোদন দেয়। ২০০৪ সালে কাজ শুরুও হয়ে যায়। কিন্তু ২০০৯ সালে হাওয়ার তীব্রতার কারনে বন্ধ করে দিতে হয় কাজ।
মোদি সরকার ক্ষমতায় আসার পর পুনরায় চালু হয় ব্রিজ নির্মাণের কাজ। ২০১৭ সালে শেষ হয় ব্রিজটির বাকি কাজ। ২০২২ সালের অগাস্ট নাগাদ ব্রিজটির নির্মাণ কাজ সম্পন্ন হয়।
আজ এই সেতু উদ্বোধনের মাধ্যমে কাশ্মীরে এক নতুন যাত্রাপথের সুচনা করলেন প্রধানমন্ত্রী। এদিন চেনাব সেতুর পাশাপাশি কাটরা স্টেশন থেকে দুটি বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করেন মোদি। এর ফলে এখন থেকে মাত্র ৩ ঘন্টায় শ্রীনগর থেকে কাটরা পৌঁছে যাওয়া যাবে।
