পুরী – দেশ জুড়ে হুহু করে বাড়ছে করোনা সংক্রমণ। আগামী ২৭ জুন ঐতিহ্যবাহী পুরী রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে সতর্ক ওড়িশা স্বাস্থ্য দফতর। সাধারণ মানুষের জন্য জারি করা হল বিশেষ সতর্কবার্তা। যাঁদের মধ্যে কোভিড-১৯ উপসর্গ যেমন জ্বর, সর্দি-কাশি বা ফ্লু রয়েছে, তাঁদের রথযাত্রা উপলক্ষে পুরী সফর এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অমরেন্দ্র নাথ মহান্তি।
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মহান্তি জানান, “রাজ্যে এখন পর্যন্ত কোভিড সংক্রমণ নিয়ন্ত্রণে। করোনা সংক্রমণ যাতে মাত্রাছাড়া না হয় তার জন্য সাধারণ মানুষকে সতর্ক করা হয়েছে। সতর্ক করা হয়েছে কোন গুজবে কান না দেওয়ার এবং অযথা আতঙ্কিত না হওয়ার।”
তবে তিনি সতর্ক করে বলেন, “রথযাত্রা উপলক্ষ্যে যেহেতু এটি একটি বৃহৎ জনসমাগমের সম্ভাবনা রয়েছে তাই সামান্য অসতর্কতা ভবিষ্যতে বড় বিপদের কারণ হতে পারে। তাই যাঁরা অসুস্থ, তাঁদের কাছে আমাদের অনুরোধ—রথযাত্রায় সরাসরি অংশগ্রহণ না করে বাড়িতে বসে টেলিভিশনে দেখুন।”
তিনি আরও জানান, রথযাত্রায় যারা উপস্থিত থাকবেন সকল ভক্তদের অবশ্যই কোভিডবিধি মানতে হবে—যেমন মাস্ক পরা, নিয়মিত হাত ধোয়া ইত্যাদি।
নয় দিনব্যাপী চলা এই উৎসবে লক্ষ লক্ষ মানুষের ভিড় হয় পুরীতে। রাজ্যের স্বাস্থ্য সচিব নিজে পুরী জেলা হাসপাতালে গিয়ে প্রস্তুতি খতিয়ে দেখে এসেছেন বলে জানান মহান্তি। উল্লেখ্য, ২৭ জুন রথযাত্রা উপলক্ষ্যে শহরজুড়ে জোর কদমে চলছে প্রস্তুতি। শেষ পাওয়া তথ্য অনুসারে জানা গিয়েছে, ওড়িশায় নতুন করে ৭ জনের শরীরে কোভিড শনাক্ত হয়েছে। রাজ্যে বর্তমানে মোট সক্রিয় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩০-এ।
