আবার পিছিয়ে গেল স্পেস এক্স- এর যাত্রা! ভারতীয় মহাকাশচারী শুভ্রাংশুর অপেক্ষার প্রহর বাড়ল

কলকাতা – সব ঠিকঠাক থাকলে ভারতীয় সময় বুধবার বিকেলে আন্তর্জাতিক স্পেস স্টেশনের উদ্দেশে পাড়ি দেওয়ার কথা ছিল ভারতের শুভাংশু শুক্লা সহ চার মহাকাশচারীর। কিন্তু আবার স্থগিত করা হল শুভাংশুদের ‘অ্যাক্সিওম-৪’ (Axiom-4) মিশনের উৎক্ষেপণ।

এই নিয়ে চতুর্থবার পিছোল তাঁদের মহাকাশযাত্রা। স্পেসএক্স (SpaceX)-এর ফ্যালকন-৯ রকেটে প্রযুক্তিগত সমস্যার দেখা দেওয়ায় এই মহাকাশযাত্রা আপাতত স্থগিত রাখা হয়েছে বলে জানিয়েছে ইলন মাস্কের সংস্থা।

বুধবার সকালে (ভারতীয় সময়) প্রযুক্তিগত সমস্যা সম্পর্কে বিস্তারিত জানিয়েছে স্পেসএক্স। এক্স হ্যান্ডেলের একটি পোস্টে জানানো হয়েছে, উৎক্ষেপণের আগে মহাকাশযানের ফায়ার বুস্টার পরিদর্শনের সময় তরল অক্সিজেন অর্থাৎ ‘এলওএক্স’-এর লিকেজ ধরা পড়ে। আর সেই লিকেজ মেরামতির জন্যই আপাতত এই বিলম্ব। উৎক্ষেপণের নতুন তারিখ এখনও নির্ধারণ করা হয়নি।

আপাতত উৎক্ষেপণ স্থগিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। গত ১০ জুনই ‘অ্যাক্সিওম-৪’ মিশনের সূচনা হওয়ার কথা ছিল। ওইদিন চারটি ভিন্ন দেশের (ভারত, পোল্যান্ড, আমেরিকা, হাঙ্গেরী) চারজন মহাকাশচারীকে নিয়ে মহাকাশযানটি কেনেডি স্পেস সেন্টার থেকে আন্তর্জাতিক স্পেস স্টেশনের উদ্দেশে রওনা দেবে, এমনটাই ঠিক ছিল। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে পিছিয়ে দেওয়া হয় মহাকাশযাত্রাটি। ভারতীয় সময় বুধবার বিকেলে মিশনটির উৎক্ষেপণের কথা ছিল। কিন্তু এবার অক্সিজেন লিকেজের কারণে ফের স্থগিত হল শুভ্রাংশুদের মহাকাশযাত্রা। ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা স্পেসএক্স এবং অ্যাক্সিওম স্পেসের এই মিশনটির জন্য বেশ কিছুদিন ধরেই ট্রেনিং করছিলেন। এই অভিযানে পাইলটের দায়িত্ব সামলাবেন শুভাংশু। এছাড়াও যানটির লঞ্চিং এবং ডকিং অপারেশনের দায়িত্বও থাকবে তারই কাঁধে। এই মিশনটি সম্পন্ন হতে সময় লাগবে ১৪ দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *