কলকাতা- ভয়াবহ বিমান দুর্ঘটনা আমেদাবাদে। প্রায় ২০০ যাত্রী সহ ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার বিমান। জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে গুজরাটের মেঘানিনগরে ভেঙে পড়ে বিমানটি। সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২৩০ জন যাত্রী এবং পাইলট সহ ১২ জন ক্রু সদস্যদের নিয়ে বিমানটি লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশে যাচ্ছিল বলে খবর। এই দুর্ঘটনায় বিমানে থাকা সকলেরই মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।
সূত্রের খবর, উড়ানের পরই বিমানবন্দরের খুব কাছেই ভেঙে পড়ে বিমানটি। বেশি উচ্চতাতেও ছিল না বিমানটি। আর ভেঙে পড়ার পরেই জোরে বিস্ফোরণ ঘটে। এরপরই বিমানটিতে আগুন ধরে যায়। আহতদের উদ্ধার করে ইতিমধ্যেই স্থানীয় সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের একাধিক ইঞ্জিন ও উদ্ধারকারী দল। আশঙ্কা করা হচ্ছে, বিমানে থাকা যাত্রীদের পাশাপাশি লোকালয়ের অনেকেরও প্রাণহানি ঘটে থাকতে পারে। এই মর্মান্তিক দুর্ঘটনার খবর পেয়েই গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের সঙ্গে ফোনে কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা।
জানা গিয়েছে, আগুনের তীব্রতার জেরে ভস্মীভূত হয়ে গিয়েছে বিমানটি। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে বিমানের অংশ। সূত্রের খবর, বিমানটিতে প্রচুর পরিমাণে জ্বালানি ছিল উড়ানের সময়। ফলে আগুনের তীব্রতা এতটা বেশি বলে মনে করা হচ্ছে। দুর্ঘটনার পরই আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে বিমানবন্দরের সমস্ত রাস্তা ও গেট। তবে ঠিক কী কারণে দুর্ঘটনাটি ঘটল, তা এখনও স্পষ্ট নয়।
