কলকাতা- এয়ার ইন্ডিয়ার বিমানের ভয়াবহ দুর্ঘটনায় বেঁচে গেলেন মাত্র একজন! হাসপাতালের জেনারেল বেডে শুয়ে থাকা এক ব্যাক্তি দাবি করেছেন, তিনি সেই বিমানে ছিলেন এবং বিমান দুর্ঘটনায় মৃত্যুর হাত থেকে বেঁচে গিয়েছেন। এমন চাঞ্চল্যকর দাবি করা বছর ৪০-এর এই ব্যাক্তির নাম বিশ্বাস কুমার রমেশ।
তাঁর বুকে, চোখে এবং পায়ে চোট রয়েছে। এদিন সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বিশ্বাস বলেন, ‘টেকঅফের ৩০ সেকেন্ড পরেই একটি বিকট আওয়াজ হয় এবং এর পরেই বিমানটি ভেঙে পড়ে। সবকিছুই খুব তাড়াতাড়ি হয়ে যায়।’ বিশ্বাসের কাছে এখনও তাঁর বোর্ডিং পাশ রয়েছে বলেও জানা যাচ্ছে।
জানা যাচ্ছে, বিশ্বাস একজন ব্রিটিশ নাগরিক। তিনি তাঁর পরিবারের লোকের সঙ্গে দেখা করার উদ্দেশ্যে কয়েকদিনের জন্য ভারতে এসেছিলেন। এদিন তাঁর ভাই অজয় কুমার রমেশের সঙ্গে তিনি যুক্তরাজ্যে ফিরে যাচ্ছিলেন ওই বিমানে চেপেই। বিশ্বাস বলেন, ‘আমি যখন সম্বিত ফিরে পাই তখন দেখি আমার চারিদিকে মৃতদেহ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আমি উঠে দাঁড়াই এবং দৌড়তে থাকি। আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। বিমানের ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিল চারিদিকে। কেউ একজন আমাকে ধরে একটি অ্যাম্বুলেন্সে তোলে।’ বিশ্বাস জানিয়েছেন যে, তিনি ২০ বছর ধরে লন্ডনে বসবাস করছেন। তাঁর স্ত্রী এবং সন্তানও লন্ডনেই বসবাস করেন। এদিন বিমানে তিনি এবং তাঁর ভাই আলাদা সিটে বসেছিলেন।
