কলকাতা- আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় প্রয়াত গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। অভিশপ্ত বিমানেই ছিলেন বিজয়। যাত্রীদের তালিকায় ১২ নম্বরে নাম ছিল তাঁর। ২০১৬ সালের অগাস্ট মাস থেকে ২০২১-এর সেপ্টেম্বর পর্যন্ত গুজরাটের মুখ্যমন্ত্রীর পদে ছিলেন রূপানি। ২০২১ সালে পদত্যাগ করেন তিনি।
বিজয় রূপানির জন্ম ১৯৫৬ সালের ২ আগস্ট, মায়ানমারে। ছয়ের দশকে বার্মার অস্থির রাজনৈতিক পরিস্থিতিতে তাঁর পরিবার ভারতের রাজকোটে আসে। অখিল ভারতীয় শিক্ষার্থী পরিষদের হয়ে ছাত্র রাজনীতির মাধ্যমে ভারতীয় রাজনীতিতে পা রাখেন তিনি। এরপর আরএসএস এবং জনসংঘে যোগদান। এমার্জেন্সির সময়ে ১১ মাস জেলেও থাকতে হয়েছে। ছাড়া পাওয়ার পর আরএসএসের প্রচারকের দায়িত্ব পান। ধীরে ধীরে রাজনীতিবিদ হিসেবে তিনি উল্লেখযোগ্য হয়ে ওঠেন। ২০১৬ সালের ৭ অগাস্ট গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন বিজয়। তাঁর স্থলাভিষিক্ত হন ভুপেন্দ্রভাই প্যাটেল।
