কলকাতা – বৃহস্পতিবার আহমেদাবাদে ভয়ঙ্কর বিমান দুর্ঘটনায় এখনও শোকবিহ্বল গোটা দেশ। এখনও সব দেহ সম্ভবত উদ্ধার করা যায়নি। এরই মধ্যে ফের এয়ার ইন্ডিয়ার বিমানে চাঞ্চল্য।
থাইল্যান্ড থেকে ভারতে ফেরার বিমানে বোমাতঙ্ক! টেক অফের কিছুক্ষণের মধ্যেই বিমানটিকে বাধ্য হয়ে জরুরি ভিত্তিতে অবতরণ করাতে হয়।
সূত্রের খবর, এয়ার ইন্ডিয়ার AI 379 এয়ারবাসটি থাইল্যান্ডের ফুকেট থেকে নয়াদিল্লির উদ্দেশে উড়েছিল। বিমানটিতে মোট ১৫৬ জন যাত্রী ছিলেন। বিমানটি ওড়ার কিছুক্ষণ পরই বিমানটিতে বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে।
বাধ্য হয়ে পাইলটরা বিমানটিকে আন্দামান উপকূলবর্তী এলাকা থেকে ফের থাইল্যান্ডের দিকে ঘুরিয়ে দেন। ফুকেট বিমানবন্দরেই জরুরি ভিত্তিতে অবতরণ করে বিমানটি।
ফুকেট বিমানবন্দরের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, শুক্রবার ভারতীয় সময় সকাল সাড়ে ৯টা নাগাদ এয়ার ইন্ডিয়ার AI 379 এয়ারবাসটি টেক অফ করেছিল। কিন্তু কিছুক্ষণ পরই সেটিকে জরুরি ভিত্তিতে অবতরণ করানো হয়। তন্ন তন্ন করে খুঁজেও কোনওরকম বোমা পাওয়া যায়নি।
