ড্রিমলাইনারের সমস্ত বিমান বসিয়ে দেবে সরকার! বড়সড় আশঙ্কা, বিমানযাত্রায় ভোগান্তি হতে পারে যাত্রীদের

কলকাতা – ভয়াবহ বিমান দুর্ঘটনার পর বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনারের সমস্ত বিমান ‘গ্রাউন্ড’ করার চিন্তাভাবনা করছে কেন্দ্রীয় সরকার। এই ড্রিমলাইনার ২০১১ সাল থেকে আকাশে উড়ছে।

এর আগে একটিও বিমান দুর্ঘটনার কবলে পড়নি। তবে দুর্ঘটনার কবলে না পড়লেও এই ড্রিমলাইনার নিয়ে বিতর্ক বিস্তর। এই বিমানের সুরক্ষা পদ্ধতির ত্রুটি নিয়ে অতীতে প্রশ্ন তুলেছিলেন বোয়িং সংস্থারই এক শীর্ষ আধিকারিক।

বৃহস্পতিবার দুপুরে আহমেদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার এআই ১৭১ বিমান টেক অফ করার কয়েক সেকেন্ডের মধ্যেই ভেঙে পড়ে। বিমানে থাকা ২৩০ জন যাত্রী ও ১২ জন ক্রু মেম্বারের মধ্যে ২৪১ জনেরই মৃত্যু হয়। বরাত জোরে বেঁচে যান একজন যাত্রী।

এই ঘটনার পর বোয়িংয়ের তরফে জানানো হয়েছে, তারা এয়ার ইন্ডিয়ার সঙ্গে যোগাযোগ রেখেছে। সব বিষয়ে এয়ার ইন্ডিয়াকে সহযোগিতা করার কথাও জানিয়েছে তারা। এদিকে বিমান তৈরি করার পর থেকে এখনও পর্যন্ত আড়াই হাজারের বেশি ৭৮৭ মডেলের বিমান বিক্রি করেছে বোয়িং। সূত্রের খবর, এয়ার ইন্ডিয়ার কাছে এই মুহূর্তে এই মডেলের ৪৭টি বিমান রয়েছে। এই পরিস্থিতি ভারত সরকারের ভাবনা অনুযায়ী এই বিমানগুলিকে যদি গ্রাউন্ড করে দেওয়া হয়, সেক্ষেত্রে বিদেশ যাতায়াতের ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে চলেছেন অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *