কলকাতা – খিদিরপুর বাজারে অগ্নিকাণ্ডের পরে ঘটনাস্থলে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে এক ব্যক্তির কার্যত তর্কাতর্কি বেঁধে গেল।
গলা উঁচিয়ে মুখ্যমন্ত্রীকে রীতিমতো চোটপাট করেন ওই ব্যক্তি। প্রাথমিকভাবে একেবারে শান্তভাবে কথা বলছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু তাতেও ওই ব্যক্তি চোটপাট করতে থাকায় কিছুটা রেগে যান মমতা।
ওই ব্যক্তিকে চুপ করতে এবং শান্ত হতে বলেন স্থানীয় কাউন্সিলর দেবলীনা বিশ্বাস। তবে তাতেও থামেননি। শেষপর্যন্ত মুখ্যমন্ত্রী শান্তভাবেই পুরো বিষয়টি সামলে নেন। তিনি জানিয়ে দেন, সরকারের তরফে নতুন করে বাজার তৈরি করা হবে। ততদিন নয়া জায়গায় অস্থায়ীভাবে দোকানদাররা বসবেন। তারপর নয়া বাজার যখন তৈরি করা হবে, তখন তাঁদের পুরনো জায়গায় ফিরিয়ে আনা হবে। সেজন্য দোকানদারদের কোনও টাকা খরচ করতে হবে না। পুরো কাজটাই করবে রাজ্য সরকার।
আপাতত যাঁদের দোকান পুরোপুরি ভষ্মীভূত হয়ে গিয়েছে, তাঁদের এক লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হবে। যাঁদের দোকান আংশিকভাবে পুড়ে গিয়েছে, তাঁদের দেওয়া হবে ৫০,০০০ টাকা। অস্থায়ী জায়গায় যখন দোকানদাররা সরে যাবেন, তখনই সেই টাকা মিলবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
এমনিতে গত রাতে খিদিরপুর বাজারে যে বিধ্বংসী আগুন লেগেছে, তা নিয়ে অসন্তোষের মুখে পড়েন দমকলমন্ত্রী সুজিত বসুও। ভস্মীভূত হয়ে গিয়েছে বাজারের প্রায় ৪০০টি দোকানই। কীভাবে আগুন লেগেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
