কলকাতা- ইজরায়েল-ইরান যুদ্ধে সরাসরি নিজেদের যুক্ত করেনি আমেরিকা। তবে আমেরিকার পরোক্ষ প্রভাব যে আছে, তা অনেকে দাবি করছেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার ইরানের সুপ্রিম লিডার আয়াতোল্লা আলি খামেনেইকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন। ট্রাম্প বলেছেন, ‘ইরান যদি নিঃশর্তে আত্মসমর্পণ না করে তাহলে ফল ভুগতে হবে খামেনেইকেই।’
ট্রাম্পের দাবি, খামেনেই কোথায় লুকিয়ে সেটা তিনি জানেন। তবে এখনই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে হত্যা করতে চান না তিনি।
আপাতত ইরানকে একটাই শর্ত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট, ‘নিরীহ’ নাগরিকদের উপর মিসাইল ছোড়া বন্ধ করে নিঃশর্তে ক্ষমা চাইতে হবে।
নিজের সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথে ট্রাম্পের পোস্ট, “ওকে টার্গেট করাটা খুবই সহজ। তবে আপাতত ওখানে ও নিরাপদ। এখনই আমরা ওকে হত্যা করতে চাইছি না।”
মার্কিন প্রেসিডেন্টের হুঁশিয়ারি, “কিন্তু এভাবে সাধারণ নাগরিকদের উপর মিসাইল হানাও চলতে পারে না। আমেরিকার সৈন্যদের উপর হামলাও মেনে নেওয়া হবে না। আমাদের ধৈর্যের বাঁধ কিন্তু ভাঙছে।”
