আহমেদাবাদের দুর্ঘটনা থেকে শিক্ষা! বিমানবন্দর সংলগ্ন বাড়ির উচ্চতা ইঞ্জিনিয়ারদের সতর্ক করল পুরসভা

কলকাতা- আহমেদাবাদে সম্প্রতি ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা ঘটে গিয়েছে। তারই পরিপ্রেক্ষিতে এবার বিমানের উড়ানের পথে ভবনের উচ্চতা সংক্রান্ত বিধিনিষেধ কঠোরভাবে কার্যকর করতে উদ্যোগী হয়েছে কলকাতা পুরসভা।

বিল্ডিং বিভাগের তরফে প্রতিটি বরোর ইঞ্জিনিয়ারদের ভারতীয় বিমানবন্দর কর্তৃপক্ষের (এএআই) জারি করা নির্দেশিকা কঠোরভাবে মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।

বিমান ওঠানামার পথে বিমানবন্দরের আশপাশের ভবনের উচ্চতা নিয়ে পুরসভাকে একাধিক নির্দেশিকা দিয়েছে এএআই। মূলত নিরাপত্তা নিশ্চিত করতেই এই নির্দেশিকা।

কালার কোডেড জোনিং ম্যাপের ভিত্তিতে নির্দিষ্ট অঞ্চলে সর্বাধিক অনুমোদিত ভবনের উচ্চতা নির্ধারণ করা হয়ে থাকে। যদি সেই নির্ধারিত সীমার বেশি উচ্চতার কোনও নির্মাণ কাজ করা হয়, তবে এএআইয়ের কাছ থেকে নো-অবজেকশন সার্টিফিকেট সংগ্রহ করা বাধ্যতামূলক।

কলকাতা শহরের অন্যান্য অংশে বিল্ডিং প্ল্যান অনুমোদনের ক্ষেত্রেও পুরসভার প্রতিটি বরোর ইঞ্জিনিয়ারদের নির্দেশিকা অনুসরণ করতে বলা হয়েছে। কোনও ধরনের সন্দেহ বা বিভ্রান্তি দেখা দিলে বিষয়টি পুরসভার সদর দফতরের উচ্চতর কর্তৃপক্ষের কাছে পাঠানোর নির্দেশও দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ২০১৫ সালের অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের নিয়ম অনুযায়ী, বিমান পরিচালনার সুরক্ষায় কোনওরকম নির্মাণ বা বৃক্ষরোপণ বা অন্যান্য কার্যকলাপের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুমোদন নিতে হবে। বিশেষ করে বিমানবন্দরের নির্দিষ্ট জায়গা থেকে ২০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে হলে সেক্ষেত্রে অনুমোদন প্রয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *