কলকাতা- শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর ইরানের সেমনান এলাকা। স্থানীয় সংবাদ সংস্থার খবর অনুযায়ী, শুক্রবার সেমনান থেকে ২৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে তীব্রতা ছিল ৫.১। উৎপত্তিস্থল মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে। ইরানে হঠাৎ ভূমিকম্পের জেরে জল্পনা ছড়িয়েছে আন্তর্জাতিক মহলে। তবে কি পারমাণবিক পরীক্ষা করল আয়াতুল্লা খামেনেইয়ের দেশ? ইরান-ইজরায়েলের সংঘাতের আবহে এমন প্রশ্ন উঠছে।
শনিবার দুই দেশের সংঘাত নবম দিনে পড়েছে। শনিবার ভোরে ইরান ও ইজরায়েল নতুন করে একে অপরের দিকে হামলা চালায়। ইরান গোপনে পরমাণু কর্মসূচি চালাচ্ছে, এই অভিযোগ তুলে ইজরায়েল গত সপ্তাহে হামলা চালায়। পালটা জবাব দেয় ইরানও। ইজরায়েলের তেল আভিভ, হাইফা সহ বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মাসুদ পেজেশকিয়ানের সেনা।
এদিকে, ইজরায়েল ও আমেরিকার লাগাতার হুমকি সত্ত্বেও তেহরান তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা করবে না বলে স্পষ্ট ঘোষণা করেছে। তার মধ্যেই এই কম্পনে জল্পনা ছড়ায়, তবে কি ইরান পারমাণবিক পরীক্ষা করল?
