সর্ষের মধ্যেই ভূত! অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানকে তথ্য পাচার করত নৌসেনার কর্মী

কলকাতা- অপারেশন সিঁদুর অভিযান চলার সময় পাকিস্তানকে তথ্য সরবরাহ করার অভিযোগ নৌ বাহিনীর এক কর্মীর বিরুদ্ধে।

নৌবাহিনীর দিল্লির সদর দফতরে কর্মরত ওই কর্মী পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-এর  ‘স্পাই’ হয়ে কাজ করতেন বলে অভিযোগ। গ্রেফতার করা হয়েছে ওই কর্মীকে।

পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম বিশাল যাদব। তিনি ‘হানি ট্র্যাপের’ কবলে পড়েন বলেও দাবি সূত্রের।

হরিয়ানার বাসিন্দা বিশাল দীর্ঘদিন ধরেই পাকিস্তানকে গোপন তথ্য সরবরাহ করতেন। অপারেশন সিঁদুর অভিযান চলার সময়েও গুরুত্বপূর্ণ তথ্য তার মাধ্যমেই পেয়েছে আইএসআই।

পুলিশের দাবি, তার মোবাইল ফোন ঘেঁটেই এই কথা জানা গিয়েছে। জানা গিয়েছে, বিশাল যাদব টাকার বিনিময়ে নৌবাহিনী এবং অন্যান্য প্রতিরক্ষা ইউনিট সম্পর্কিত গোপন তথ্য এক মহিলাকে সরবরাহ করেছিলেন। ওই মহিলা  তার ‘পাকিস্তানি হ্যান্ডেলার’ ছিলেন।

নৌবাহিনীর সদর দপ্তরে ক্লার্ক হিসেবে কর্মরত ছিলেন বিশাল। পুলিশের দাবি, ওই মহিলা নিজেকে প্রিয়া শর্মা বলে পরিচয় দিতেন। বিশালের কাছ থেকে কৌশলগত গুরুত্বপূর্ণ গোপন তথ্য জানার জন্য তাকে নিয়মিত টাকাও দিতেন ওই মহিলা।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, অনলাইন গেমসে আসক্ত ছিলেন বিশাল। খেলায় হেরে যাওয়ার পরে তার টাকার দরকার পড়ত। তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রিপটোকারেন্সি ট্রেডিং অ্যাকাউন্টের মাধ্যমে টাকা জমা পড়ত বলেও জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *