প্রথম ভারতীয় হিসেবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পা শুভাংশুর, লেখা হল নতুন ইতিহাস

কলকাতা- নতুন ইতিহাস লেখা হল। দীর্ঘ সফর শেষে ভারতীয় সময় বৃহস্পতিবার বিকেল ৪টে নাগাদ আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস)-এ পৌঁছোলেন শুভাংশুরা। প্রথম ভারতীয় হিসেবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পা রাখলেন শুভাংশু শুক্লা।

ভারতীয় সময় বুধবার বেলা ১২টা ১ মিনিট নাগাদ শুভাংশুদের নিয়ে মহাকাশে পাড়ি দেয় স্পেস এক্সের মহাকাশযান ‘ড্রাগন’। ফ্লোরিডায় নাসার কেনেডি স্পেস সেন্টারের ৩৯এ লঞ্চ কমপ্লেক্স থেকে ‘ফ্যালকন ৯’ রকেটের সাহায্যে ড্রাগনকে মহাকাশে পাঠানো হয়। শুভাংশুদের অভিযানের নাম ‘অ্যাক্সিয়ম-৪’। ড্রাগনের পাইলট শুভাংশু।

অভিযানে নেতৃত্বে অ্যাক্সিওমের রেগি হুইটসন। এছাড়াও রয়েছেন পোল্যান্ডের স্লায়োস উজনানস্কি-উইসনিউস্কি এবং হাঙ্গেরির টিবর কাপু। ১৪ দিন তাঁরা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকবেন। এই অভিযানটি শুধু ভারতের জন্য নয়, নাসা (NASA), ইসরো (ISRO), ইউরোপিয়ান স্পেস এজেন্সির মতো আন্তর্জাতিক মহাকাশ সংস্থাগুলোর মিলিত প্রয়াস।

বৃহস্পতিবার দুপুর থেকেই শুভাংশুদের যান ‘ড্রাগন’-কে আইএসএস-এর সঙ্গে ‘ডকিং’ করানোর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছিল। দুপুর ৩টে থেকে আইএসএস থেকে স্পেসএক্সের ওই মহাকাশযান স্পষ্ট দেখা যাচ্ছিল বলে জানায় মহাকাশ স্টেশন। গোটা সফরে ড্রাগনে কোনও গোলমাল দেখা দেয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *