কলকাতা- আরজি করের ভয়ঙ্কর ঘটনার রেশ এখনও কাটেনি। আবার খাস কলকাতায় ল’কলেজের ভিতরে এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠল।
নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে ওই কলেজেরই তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের মধ্যে একজন কলেজের প্রাক্তন ছাত্র এবং কর্মী। বাকি দু’জন কলেজের বর্তমান পড়ুয়া।
২৫ জুন ঘটনাটি ঘটে। এর পর নির্যাতিতা কসবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। কলেজ চত্বরে এমন ঘটনা ঘটেছে বলে জানা যায়। অভিযোগ পাওয়ার পর তৎপর হয় পুলিশ। তাঁর শারীরিক পরীক্ষা করানো হয় পার্ক সার্কাসের কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজে।
অভিযুক্তদের মধ্যে দু’জনকে বৃহস্পতিবার সন্ধ্যাতেই গ্রেফতার করা হয়। একজনকে মধ্যরাতে ধরে পুলিশ। ধৃতদের শুক্রবার আলিপুরের আদালতে হাজির করানো হবে।
পুলিশের তরফে অভিযুক্তদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। তবে জানানো হয়েছে, তরুণীর অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করা হয়েছে। তারা সকলেই ল’কলেজের সঙ্গে যুক্ত। অভিযোগ পাওয়ার পর তরুণীর শারীরিক পরীক্ষা করানো হয়। সাক্ষীদের বয়ানও রেকর্ড করে পুলিশ। ঘটনাস্থল বর্তমানে ঘিরে রাখা হয়েছে। সেখান থেকে ফরেন্সিক নমুনা সংগ্রহ করা হবে।
