কসবা ল’কলেজ কাণ্ডে নতুন মোড়! ধৃতদের মোবাইল থেকে উদ্ধার নির্যাতনের ভিডিও

কলকাতা- দক্ষিণ কলকাতার ল’ কলেজে ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় তোলপাড় রাজ্য। ঘটনার তদন্তে নেমে নিরাপত্তারক্ষী-সহ চারজনকে গ্রেফতারর করেছে পুলিশ। সূত্রের খবর, ধৃতদের একজনের মোবাইল থেকে মিলেছে নির্যাতনের ভিডিও। ধর্ষণের সময় তুলে রাখা সেই ভিডিও দেখিয়ে নির্যাতিতাকে ব্ল্যাকমেল করা হচ্ছিল বলে অভিযোগ। অন্যদিকে, ঘটনার দিন বিকেল ৩টা ৩০ মিনিট থেকে রাত ১০টা ৫০ মিনিট পর্যন্ত কলেজের সিসিটিভি ক্যামেরার ফুটেজও উদ্ধার করেছে পুলিশ। অভিযোগকারীর বয়ান ও ফুটেজ মিলিয়ে দেখা হচ্ছে।

কসবার সাউথ ক্যালকাটা ল’ কলেজে ধর্ষণের ঘটনায় অন্যতম অভিযুক্ত মনোজিৎ মিশ্র সহ মোট তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত মনোজিৎ তৃণমূলের এক প্রভাবশালী নেতা। সে কলেজের অস্থায়ী পদে চাকরিও করত। অভিযুক্ত বাকি দুজনও তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে যুক্ত বলে দাবি। নির্যাতিতা নিজেও টিএমসিপির সদস্য। এদিকে, যেহেতু ধর্ষণের ঘটনাটি কলেজের গার্ডরুমে ঘটেছে, সেই কারণে শুক্রবার নিরাপত্তারক্ষীকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। গতকাল রাতেই তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে খবর, ২৫ জুন, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ১০টা ৫০ মিনিটের মধ্যে কলেজ ক্যাম্পাসের মধ্যে ধর্ষণের ঘটনাটি ঘটে। নির্যাতিতা অভিযোগপত্রে অভিযুক্তদের চিহ্নিত করেছেন ‘জে’, ‘এম’, এবং ‘পি’ নামে। নির্যাতিতা জানিয়েছেন, প্রথমে ইউনিয়ন রুমের ভিতরে তাঁর সঙ্গে ধস্তাধস্তি হয়। পরে রক্ষীর ঘরে নিয়ে গিয়ে তাঁকে ধর্ষণ করে মনোজিৎ। বাইরে পাহারায় ছিল বাকি দুজন। কলেজের মেন গেট বন্ধ করে দেওয়া হয়েছিল। ছাত্রীকে বেরোতে দেওয়া হয়নি। রক্ষীর কাছে তিনি সাহায্য চেয়েও পাননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *