মেঘভাঙা বৃষ্টি, হড়পায় বিধ্বস্ত হিমাচল! নিখোঁজ অনেকে, আরও বিপদের আশঙ্কা

কলকাতা- হিমাচলপ্রদেশে গত কয়েকদিন ধরে অব্যাহত রয়েছে প্রবল বৃষ্টিপাত। রাজ্যের একাধিক জায়গায় ইতিমধ্যেই লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। মেঘভাঙা বৃষ্টির জেরে হড়পা এবং ধসও নেমেছে বিভিন্ন জায়গায়।

মেঘভাঙা বৃষ্টিতে ভয়াবহ অবস্থা হিমাচলের মান্ডির। হড়পার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু বাড়িঘর। ধস নেমে বন্ধ হয়ে গিয়েছে বিভিন্ন রাস্তা।

এখনও পর্যন্ত বৃষ্টিপাতের কারণে মান্ডিতে চারজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। কমপক্ষে ৯ জন বন্যায় ভেসে গিয়েছেন বলে খবর। এখনও পর্যন্ত ১৬ জন নিখোঁজ রয়েছেন। ৯৯ জনকে উদ্ধার করা হয়েছে।

বৃষ্টিপাতের ফলে দশটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। মূলত মান্ডির কারসোগ, সেরাজ, ধরমপুর এলাকায় বিপর্যস্ত জনজীবন।

এদিকে, বিয়াস নদীর জলস্তর বিপদসীমার উপর দিয়ে বইছে। মঙ্গলবারও মান্ডিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে। সর্তকতামূলক পদক্ষেপ হিসেবে মান্ডির সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান মঙ্গলবার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

২৫০ টিরও বেশি রাস্তা বন্ধ রাখা হয়েছে। এছাড়া ৬১৪টি বিদ্যুৎ ট্রান্সফরমার এবং ১৩০টি জল সরবরাহ প্রকল্প ক্ষতিগ্রস্ত হয়েছে বৃষ্টির কারণে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *