কলকাতা – সোমবার থেকে পঠনপাঠন স্বাভাবিক হচ্ছে কসবার সাউথ ক্যালকাটা ল কলেজে। ২৫ জুন সাউথ ক্যালকাটা ল কলেজে এক পড়ুয়াকে গণধর্ষণের ঘটনা ঘটে। সেই ঘটনার পর থেকেই পঠনপাঠন বন্ধ এই আইন কলেজে।
কলেজের তরফে জানানো হয়েছে, সোমবার সকাল ৭টা থেকেই শুরু হবে ক্লাস। খুব শীঘ্রই কলেজের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
২৫ জুন সাউথ ক্যালকাটা ল কলেজের গার্ডরুমে এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয় কলেজের প্রাক্তন ছাত্র তথা তৃণমূল নেতা মনোজিৎ মিশ্র সহ কলেজের দুই ছাত্র ও কলেজের নিরাপত্তা রক্ষী। মূল অভিযুক্ত মনোজিৎকে ইতিমধ্যেই কলেজের অস্থায়ী পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
তদন্তের স্বার্থে সিল করে রাখা হচ্ছে গার্ডরুম ও ইউনিয়ন রুম। বন্ধ রাখা হয় কলেজের পঠনপাঠন। অবশেষে কসবার সাউথ ক্যালকাটা ল কলেজ খোলার অনুমতি দেয় লালবাজার। কলেজে পড়াশোনা শুরু হতে চলেছে আগামী সোমবার, ৭ জুলাই থেকে। যদিও তদন্ত চলায় বন্ধই থাকবে ইউনিয়ন রুম এবং গার্ডরুম।
