কলকাতা- ভারী বৃষ্টির মাঝেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল সেতু। অফিস টাইমে নদীতে তলিয়ে গেল পরপর একাধিক গাড়ি। ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল ৯ জনের। আহত আরও একাধিক।
বুধবার সকালে ঘটনাটি ঘটেছে গুজরাতের ভদোদরায়। পুলিশ জানিয়েছে, এদিন অফিস টাইমে সেতু দিয়ে বহু গাড়ি, ট্রাক চলাচল করছিল। হঠাৎ বিকট শব্দ শুনতে পান স্থানীয়রা।
সকলেই ছুটে এসে দেখেন, গম্ভীরা-মুজপুর সেতুটি মাঝ বরাবর ভেঙে পড়ছে। মাহিসাগর নদীতে তলিয়ে যায় কমপক্ষে চারটি গাড়ি। দু’টি ট্রাক, একটি পিক আপ ভ্যান এবং একটি গাড়ি সেতু থেকে সোজা নদীতে পড়ে যায়।
দুর্ঘটনার খবর পেয়েই বিশাল পুলিশ বাহিনী, দমকল, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, ভদোদরা জেলা প্রশাসনের উদ্যোগে আধিকারিকরা ঘটনাস্থলে ছুটে আসেন। শুরু হয় উদ্ধারকাজ।
স্থানীয়রা জানিয়েছেন,গম্ভীরা সেতু দিয়ে আনন্দ থেকে ভদোদরায় যাতায়াত আরও সহজ হয়। কিন্তু দীর্ঘদিন ধরেই এটির বেহাল দশা। দীর্ঘ যানজটে আটকে পড়েন নিত্যযাত্রীরা। এমনকী এই সেতু থেকে একাধিকবার আত্মহত্যার ঘটনাও ঘটেছে। কী কারণে সেতুটি ভেঙে পড়ল তা ঘিরে তদন্ত শুরু করেছেন আধিকারিকরা।
