কলকাতা – কলকাতার পার্ক স্ট্রিটে অবস্থিত ইন্ডিয়ান মিউজিয়াম দেশের তথা এশিয়া মহাদেশের প্রাচীনতম সংগ্রহশালা। ১৮১৪ সালে প্রতিষ্ঠিত হলেও বর্তমান পার্ক স্ট্রিটের ঠিকানায় এটি স্থানান্তরিত হয় ১৮৭৫ সালে।
নিওক্লাসিক্যাল ঘরানায় নির্মিত ভারতের অন্যতম প্রধান এই মিউজিয়ামে রয়েছে ২২ লক্ষ নিদর্শন, যার মধ্যে উল্লেখযোগ্য অশোকের রামপূর্বা সিংহস্তম্ভ, মথুরা শিল্পরীতিতে তৈরি ‘মথুরা হেরাক্লেস’ স্থাপত্য, সিন্ধুসভ্যতার ধ্বংসাবশেষ থেকে প্রাপ্ত ইউনিকর্ন সিলমোহর ও মানুষের মাথার খুলি, বিভিন্ন ধরনের জীবাশ্ম, পাথরের উপর বুদ্ধের পায়ের ছাপ, মুঘল পেন্টিং, মিশরের মমি ইত্যাদি।
আর এবার সেই সব দেখার মতো নিদর্শন পড়ুয়ারা দেখতে পাবে বিনামূল্যে। হ্যাঁ, ইন্ডিয়ান মিউজিয়াম কর্তৃপক্ষ সেই সিদ্ধান্তই নিয়েছে এবার। পড়ুয়াদের জ্ঞানের পরিধি বৃদ্ধির জন্য এমন উদ্যোগ বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আই কার্ড দেখিয়ে এবার থেকে যে কোনো পড়ুয়া সম্পূর্ণ বিনামূল্যে প্রবেশ করতে পারবে জাদুঘরে।
