কলকাতা – জোকার নামী ম্যানেজমেন্ট ইন্সটিটিউটের ভিতরে তরুণীকে ধর্ষণের অভিযোগ। সকাল থেকেই উত্তেজনা। ঘটনায় গ্রেফতারও হয়েছেন অভিযুক্ত যুবক। এদিকে বিকেল হতে না হতেই এই ধর্ষণকাণ্ডে নাটকীয় মোড়।
মেয়েকে ধর্ষণ করা হয়নি, এই দাবি খোদ অভিযোগকারিনীর বাবার। তাঁর আরও দাবি, শারীরিক পরীক্ষার সময় নাকি ধর্ষণের কথা পুলিশই বলতে বলেছিল।
নির্যাতিতার বাবার বক্তব্য, শুক্রবার রাত ৯:৩৪ মিনিট নাগাদ ফোন আসে তাঁর মেয়ের। ফোনে তিনি বাবাকে জানান অটো থেকে পড়ে গিয়েছেন, এবং অসুস্থ হয়ে পড়েছেন। যেন তিনি হাসপাতালে আসেন। এরপর সেই তরুণীর বাবা এসএসকেএম-এর নিউরোলজিস্ট ডিপার্টমেন্টে পৌঁছন। সেখানে গিয়ে জানতে পারেন হরিদেবপুর থানা তাঁর মেয়েকে উদ্ধার করে নিয়ে গিয়েছে।
নির্যাতিতার বাবা বলেন, “মেয়ে আমাকে জানিয়েছে ধর্ষণের মতো কোনও ঘটনা ঘটেনি। বাড়িতে ফেরার পরে আমায় বলে, এমন কোনও ঘটনা ঘটেনি। এমনকী, যে গ্রেফতার হয়েছে তার সঙ্গে আমার মেয়ের কোনও সম্পর্ক নেই।” নির্যাতিতার বাবা আরও বলেন, “আমার মেয়ের সঙ্গে কথা বলে জানলাম, মেয়ে বলল না এমন কিছু হয়নি। ওকে পুলিশ বলছিল যে মেডিক্যাল করানোর সময় সে যেন বলে এগুলো।”
