কলকাতা- আরজি করে দুর্নীতি মামলায় চার্জ গঠন। প্রায় ১০ মাস পরে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ-সহ মোট ৫ জনের বিরুদ্ধে চার্জ গঠন করা হল।
সোমবার আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালত এই চার্জ গঠন করে। আরজি কর দুর্নীতি মামলায় আলিপুর কোর্টে সোমবার সন্দীপ ঘোষ-সহ ৫ জনের বিরুদ্ধে মামলা থেকে অব্যাহতি সংক্রান্ত আর্জির রায়দান ছিল। তাঁদের কাছে জানতে চাওয়া হয়, তাঁরা দোষী নাকি নির্দোষ? অভিযুক্তরা সকলেই নিজেদের নির্দোষ বলে দাবি করেন আদালতে।
৫ জনই সশরীরে হাজিরা দিয়েছিলেন। তবে আদালত সকলেরই মামলা থেকে অব্যাহতি সংক্রান্ত আর্জি খারিজ করে দেন।
আদালত সূত্রে খবর, আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, তাঁর শাগরেদ দুই ভেন্ডার বিপ্লব সিংহ ও সুমন হাজরা, সন্দীপের অ্যাডিশনাল সিকিউরিটি আফসার আলি খান, হাউস স্টাফ আশিস পান্ডের বিরুদ্ধে চার্জ গঠন হয়।
২২ জুলাই প্রথম সাক্ষী হিসেবে অভিযোগকারীর বয়ান নেওয়া হবে বলে আদালত সূত্রে জানা গিয়েছে। আদালত সিবিআইকে ১ সেপ্টেম্বরের মধ্যে এই দুর্নীতি মামলার তদন্ত শেষ করে রির্পোট পেশ করার নির্দেশ দিয়েছে।
উল্লেখ্য, আরজি করে দুর্নীতি মামলায় ২০২৪ সালের ২ সেপ্টেম্বর সন্দীপ ঘোষ-সহ চার জনকে গ্রেপ্তার করা হয়। পরে ৩ অক্টোবরে গ্রেপ্তার হন আশিস পান্ডে। আরজি কর দুর্নীতি মামলায় চার্জশিট পেশ হয় ২০২৪ সালের ২৯ নভেম্বর।
মূলত আরজি করের ডাক্তারি পড়ুয়ার ধর্ষণ ও খুনের মামলার আবহে এই আর্থিক দুর্নীতির মামলা সামনে আসে। আরজি করেরই প্রাক্তন সুপার আখতার আলি এই সন্দীপের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তুলেছিলেন। পাশাপাশি সিবিআই-এর কাছে আর্থিক দুর্নীতি মামলায় প্রথম যে নাম উঠে এসেছিল, তা এই সন্দীপেরই।
