কলকাতা- ৭১ টি অত্যাবশকীয় ওষুধের দাম বেঁধে দিল কেন্দ্র। তালিকায় রয়েছে ডায়াবেটিস, মেলাস্ট্যাটিক স্তন ক্যানসার এবং গ্যাস্ট্রিক ক্যানসারের ওষুধ।
দাম নির্ধারিত করেছে ‘ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি’ অর্থাৎ এনপিপিও। সম্প্রতি কেন্দ্রীয় সরকার গেজেট বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।
মেলাস্ট্যাটিক স্তন ক্যানসার এবং গ্যাস্ট্রিক ক্যানসারের চিকিৎসায় ব্যবহার করা হয় ‘ট্রাস্টুজুমার নামে ওষুধ। নতুন বিজ্ঞপ্তি অনুসারে খুচরো বাজারে এই ওষুধের দাম ধার্য করা হয়েছে ভায়াল পিছু ১১ হাজার ৯৬৬ টাকা।
পেপটিক আলসারের চিকিৎসায় ব্যবহার করা হয় ‘টরেন্ট ফার্মাসিউটিক্যাল্স’-এর তৈরি একটি ওষুধ। যার প্রতিটি ট্যাবলেটের দাম ঠিক করা হয়েছে ১৬২ টাকা ৫০ পয়সা। পাশাপাশি, ডায়াবিটিস প্রতিরোধের ২৫টি ওষুধের দামও বেঁধে দেওয়া হয়েছে।
অতি প্রয়োজনীয় ৭৪৮ টি ওষুধের দাম বেড়েছিল চলতি বছর এপ্রিলে। সেই তালিকায় ছিল প্যারাসিটামল, কাশি, সুগার, বাত, কৃমি, প্রেসার, ঘুমের মতো একাধিক ওষুধ। এমনকি বৃদ্ধি পেয়েছিল ট্যাবলেট, ইঞ্জেকশন এবং অ্যান্টিবায়োটিকের দামও। আবার গত বছর অক্টোবরে যখন বেশকিছু জীবনদায়ী ওষুধের দাম বৃদ্ধিতে অনুমোদন দিয়েছিল কেন্দ্রীয় সংস্থা, তখন ফুঁসে উঠেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
