ভিনরাজ্যে বাঙালি হলেই হেনস্তা! প্রতিবাদে বৃষ্টিভেজা কলকাতার রাস্তায় মিছিল মমতা, অভিষেকের

কলকাতা- ভিনরাজ্যে বাঙালিদের হেনস্তা। তারই প্রতিবাদে বুধবার পথে নামল তৃণমূল কংগ্রেস।

আজ দুপুর পৌনে ২টো নাগাদ কলেজ স্কোয়ার থেকে মিছিল শুরু হয়। প্রবল বৃষ্টি মাথায় নিয়ে তাতে অংশ নেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, দোলা সেন, চন্দ্রিমা ভট্টাচার্য, উদয়ন গুহ-সহ দলের বিভিন্ন স্তরের নেতা-কর্মী এবং সমর্থকেরা।

বৃষ্টিতে ভিজেই এদিন মিছিলে হাঁটতে দেখা যায় মমতা, অভিষেক সহ অন্যদের। উল্লেখ্য, সম্প্রতি ওড়িশা, মহারাষ্ট্র, দিল্লি-সহ বিভিন্ন রাজ্যে বাঙালিদের হেনস্তার অভিযোগ উঠছে।

অভিযোগ উঠেছে, বাংলায় কথা বললেই নাকি বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। কিছুদিন আগে এবিষয়ে এক্স হ্যান্ডেলে ক্ষোভ উগরে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজনীতি সচেতন অনেকে অবশ্য বলছেন, ২০২৬-এ রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে বাঙালি আবেগে শান দিতে এই ইস্যুতে এদিন পথে নেমেছেন তৃণমূল সুপ্রিমো।

আজ বৃষ্টিভেজা দুপুরে ২টায় কলেজ স্কোয়ার থেকে মিছিল শুরু হয়। সেটি এগিয়ে যায় ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ের দিকে। মিছিল শেষে বক্তব্য রাখবেন দলনেত্রী।

মোতায়েন করা হয়েছিল ১৫০০ পুলিশ কর্মী। মিছিলে শামিল হয়েছেন হাওড়া, ভাঙড়, দমদম ও সল্টলেকের তৃণমূলের নেতা-কর্মী এবং সমর্থকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *