নিকো পার্কে যুবকের রহস্য মৃত্যু, ওয়াটার পার্কে স্নান করার সময় মর্মান্তিক ঘটনা

কলকাতা- বুধবার নিকো পার্কে এক যুবকের রহস্যমৃত্যু। বিধাননগর দক্ষিণ থানার পুলিশের অনুমান, রাইড ভেঙে জলে ডুবে মৃত্যু হয়েছে যুবকের।

এদিকে, নিকো পার্ক কর্তৃপক্ষের দাবি, রাইড ভেঙে পড়েনি। ওয়াটার পার্কে স্নান করার সময় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে যুবকের।

যুবকের মৃত্যুর প্রকৃত কারণ জানতে তাঁর বন্ধুবান্ধবদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। নিহত যুবকের নাম রাহুল দাস। উল্টোডাঙার মুরারিপুকুর এলাকার বাসিন্দা তিনি।

বুধবার বেলা ১১টা নাগাদ সাতজন বন্ধুবান্ধব মিলে নিকো পার্কে আসেন। ওয়াটার পার্কের নায়াগ্রা ফলসের নিচে স্নান করতে নামেন।

সূত্রের খবর, পার্ক কর্তৃপক্ষ দেখে বন্ধুবান্ধবরা তাঁকে ধরে জল থেকে তুলে নিয়ে আসছে। তা দেখে পার্ক কর্তৃপক্ষের তরফে ওই যুবকের প্রাথমিক চিকিৎসার বন্দোবস্ত করে। তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ার পর তাঁকে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাতেও শেষরক্ষা হয়নি। চিকিৎসকরা জানান, মৃত্যু হয়েছে যুবকের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *