কলকাতা- আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের মৃত্যুর পর তাঁর নাম প্রকাশ্যে আনেন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েল। হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন আইনজীবী বিজয়কুমার সিংহল। অবশেষে ‘অভয়ার’ নাম প্রকাশ্যে আনার জন্য ক্ষমা চাইলেন বিনীত। বৃহস্পতিবার উচ্চ আদালতে চিঠি দিয়ে ক্ষমাপ্রার্থনা করেছেন প্রাক্তন সিপি।
গত বছর ৯ অগাস্ট আরজি কর হাসপাতালে ধর্ষণ ও খুন করা হয় তরুণী চিকিৎসককে। ঘটনার তদন্ত শুরু হওয়ার পর তৎকালীন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল নির্যাতিতার নাম প্রকাশ্যে আনেন। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ধর্ষণের ক্ষেত্রে কোনও নির্যাতিতার নাম প্রকাশ্যে আনা ফৌজদারি অপরাধ। এই ইস্যুকে সামনে রেখে বিনীতের বিরুদ্ধে উচ্চ আদালতে মামলা দায়ের করেন আইনজীবী বিজয়কুমার সিংহল। সেই মামলার শুনানিতে এদিন বিনীতের আইনজীবী বলেন, ‘গত ১০ অগাস্ট নির্যাতিতার নাম বিনীতের মুখ থেকে ভুলবশত বেরিয়ে যায়। সেই ঘটনার জন্য তিনি ক্ষমাপ্রার্থী।’
বিচারপতি রাজাশেখর মান্থা এবং বিচারপতি অজয়কুমার গুপ্তের ডিভিশন বেঞ্চ জানায়, ‘বিনীত গোয়েল যেহেতু চিঠি লিখে ক্ষমা চেয়েছেন, তাই মামলাটি এখানেই বন্ধ হওয়া উচিত। বিষয়টি নিয়ে আর জটিলতা বৃদ্ধি করে লাভ নেই।’ পাশাপাশি বিচারপতি মান্থা পরামর্শ দেন, ‘বিচারাধীন অথবা স্পর্শকাতর বিষয় নিয়ে প্রকাশ্যে বা সংবাদমাধ্যমে কী কথা বলা উচিত এবং কী উচিত নয়, সেই বিষয়ে পুলিশকে নিয়ে ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল অ্যাকাডেমি একটি সচেতনতা শিবিরের আয়োজন করুক।’
