মুম্বই ট্রেন বিস্ফোরণে অভিযুক্তরা বেকসুর খালাস! শীর্ষ আদালতের দরজায় কড়া নাড়ল ‘এটিএস’

কলকাতা- ২০০৬ সালের ১১ জুলাই। সেদিন মুম্বইতে হয়েছিল ভয়ঙ্কর ট্রেন বিস্ফোরণের ঘটনা। সেই মামলায় ১২ জন অভিযুক্তকে বেকসুর খালাস করে দিয়েছে বোম্বে হাইকোর্ট।

হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে মঙ্গলবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে মহারাষ্ট্র অ্যান্টি টেররিজম স্কোয়াড (ATS)। ২৪ জুলাই দেশের শীর্ষ আদালতে এই মামলার শুনানি হবে বলে জানা গিয়েছে।

মহারাষ্ট্র এটিএস-এর তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা এই মামলার জরুরি শুনানির আবেদন জানানোর পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বোম্বে হাইকোর্ট ২০০৯ সালে নিম্ন আদালতের দেওয়া রায় বাতিল করে দেয়। ওই রায়ে পাঁচজন অভিযুক্তকে (যাদের মধ্যে একজন মৃত) মৃত্যুদণ্ড এবং অন্য সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। তাঁদের বিরুদ্ধে ২০০৬ সালের ১১ জুলাই মুম্বইয়ের ওয়েস্টার্ন রেলওয়ে লোকাল লাইনে সাতটি বোমা বিস্ফোরণের ষড়যন্ত্র ও তা কার্যকর করার অভিযোগ ছিল।

এটিএস দাবি করেছিল, অভিযুক্তরা নিষিদ্ধ স্টুডেন্টস ইসলামিক মুভমেন্ট অফ ইন্ডিয়া-র সঙ্গে যুক্ত ছিল। লস্কর-ই-তৈবার পাকিস্তানি অপারেটিভদের সঙ্গে মিলে এই বিস্ফোরণগুলি ঘটিয়েছিল।

প্রসঙ্গত, ২০০৬ সালের ১১ জুলাই ১১ মিনিটের মধ্যে মুম্বইয়ের বেশ কয়েকটি লোকাল ট্রেনে বিস্ফোরণ হয়। এই বিস্ফোরণের ঘটনায় মোট ১৮৯ জন নিহত হন। জখম হন ৮০০-র বেশি মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *