ভয়াবহ বিমান দুর্ঘটনা, বাংলাদেশের পাশে দাঁড়াল ভারত, মোদি সরকার বাড়িয়ে দিল সাহায্যের হাত

কলকাতা- বিপদে বাংলাদেশ। আর আবার পড়শি দেশের পাশে দাঁড়াচ্ছে ভারত।

ঢাকার উত্তরায় ভয়াবহ বিমান দুর্ঘটনায় জখমদের চিকিৎসা করানোর জন্য সাহায্যের হাত বাড়াচ্ছে ভারত। প্রথম থেকেই সবরকম সাহায্য করা হবে বলে জানিয়েছিল ভারত।

বাংলাদেশে ভারতীয় দূতাবাস থেকে চিঠি পাঠানো হয়েছিল সাহায্যের কথা বলে। এবার সরাসরি সাহায্য পাঠাচ্ছে ভারত।

মঙ্গলবারই বাংলাদেশ পৌঁছচ্ছে ডাক্তার, নার্সদের একটি টিম। চিকিৎসার জন্য প্রয়োজনীয় আধুনিক সরঞ্জামও পাঠাচ্ছে ভারত।

দুই দেশের বিদেশ মন্ত্রকের মধ্যে আলোচনার মাধ্যমে সাহায্য পাঠানোর বিষয়টি চূড়ান্ত হয়েছে বলে সংবাদ সংস্থা সূত্রের খবর। উত্তরায় হওয়া বিমান দুর্ঘটনায় বহু শিশু ও ব্যক্তি অগ্নিদগ্ধ হয়েছেন। অনেকের অবস্থাই আশঙ্কাজনক।

বার্ন ইউনিটে কাজ করার অর্থাৎ অগ্নিদগ্ধ রোগীদের চিকিৎসা করার অভিজ্ঞতা রয়েছে এমন ডাক্তার ও চিকিৎসাকর্মীদের বাংলাদেশে পাঠানো হচ্ছে। প্রয়োজনে আরও চিকিৎসক, স্বাস্থ্যকর্মী পাঠানো হবে বলে ভারতের তরফে থেকে আশ্বাস দেওয়া হয়েছে।

বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ভারত ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক স্তরে দূরত্ব তৈরি হয়েছিল। বাংলাদেশে নানা স্তরে প্রবল ভারত বিরোধিতার সুর শোনা গিয়েছিল। তবে যে কোনও বিপদে বাংলাদেশের পাশে সব সময় দাঁড়িয়েছে ভারত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *