কলকাতা- পাঁচ বছরের স্থগিতাদেশের অবসান। শেষমেশ চিনা নাগরিকদের পর্যটক ভিসা দেওয়ার পরিষেবা চালু করতে চলেছে ভারত। বুধবার বেজিংয়ে অবস্থিত ভারতীয় দূতাবাসের তরফে জানানো হয়েছে, আগামী ২৪ জুলাই অর্থাৎ বৃহস্পতিবার থেকে চিনা নাগরিকরা ভারতে আসার জন্য পর্যটক ভিসার আবেদন করতে পারবেন।
২০২০ সালে গালওয়ান সংঘাতের পর থেকেই ভারত ও চিনের দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি হয়েছিল। ভারত জবাবে চিনা বিনিয়োগে বিধিনিষেধ আরোপের পাশাপাশি বিভিন্ন জনপ্রিয় চিনা অ্যাপ ভারতে নিষিদ্ধ করে দিয়েছিল। ওই বছরই কোভিড-১৯ অতিমারির কারণে চিনা নাগরিকদের পর্যটক ভিসা দেওয়াও বন্ধ করেছিল ভারত। অন্যদিকে, ভারত সহ একাধিক দেশের নাগরিকদের জন্য পর্যটক ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছিল বেজিংও। যদিও পরবর্তীতে ভারতীয় পড়ুয়া ও ব্যবসায়ীদের ভিসা প্রদান পুনরায় শুরু করলেও, পর্যটক ভিসা বন্ধই রেখেছিল জিনপিং সরকার।
গত বছর অক্টোবরে রাশিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চিনা প্রেসিডেন্ট জিনপিংয়ের আলোচনার পর থেকে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরায় ঠিক হতে শুরু করে। সেই সঙ্গে চলতি বছরে দুই দেশের মধ্যে সরাসরি বিমান পরিষেবা পুনরায় চালু করতেও সম্মত হয়েছে নয়াদিল্লি ও বেজিং। এমনকী কৈলাস-মানস সরোবর যাত্রাও ফের শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
