কলকাতা – গত কয়েক বছরে মোদি বা বিজেপি বিরোধিতায় দেশের অন্যতম মুখ হয়ে উঠেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাই এবার তৃণমূল নেত্রীর সর্বজনবিদিত জনপ্রিয়তাকে সম্মান জানিয়ে তাঁর মুখ খোদাই করা সোনালি রঙের বিশেষ কলম বাজারে আনল প্রিমিয়াম পেন প্রস্তুতকারক সংস্থা লেভারি।
পেনে যেখানে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ এবং তৃণমূল কংগ্রেসের লোগো খোদাই করা হয়েছে। সংস্থা জানিয়েছে, পেনটি পিতল নির্মিত সোনালি রংয়ের। কালো কালি দিয়ে ছবি খোদাই করা এই পেন ইতিমধ্যেই অনলাইনে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।
সংস্থার তরফে ফেসবুকে বিজ্ঞাপনও দেওয়া হয়েছে। দেওয়া হচ্ছে বিশেষ ছাড়। সংস্থার ওয়েবসাইট এবং ফেসবুকে প্রকাশিত বিজ্ঞাপনে এই পেনটিকে ‘প্রত্যেক বাঙালির সংগ্রহে রাখার মতো একটি বস্তু’ বলে দাবি করেছে লেভারি।
বিজ্ঞাপনে লেখা রয়েছে, ‘নেতৃত্ব, ঐতিহ্য এবং বাঙালি গর্বের প্রতীক — সংগ্রহ করুন মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ খোদাই করা কলম।’ পেনের দাম ১,৪৯৯ টাকা হলেও, বাংলার দিদির প্রতি শ্রদ্ধা জানিয়ে বর্তমানে এটি ছাড় দিয়ে মাত্র ৯৯৯ টাকায় বিক্রি করা হচ্ছে।
লেভারি সংস্থা সাধারণত সোনা ও মূল্যবান রত্ন দিয়ে তৈরি পেনের জন্য পরিচিত, যেখানে অনেক বিখ্যাত ভারতীয় ব্যক্তিত্বের (মহরানা প্রতাপ, ছত্রপতি শিবাজি, ভীমরাও আম্বেদকর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাহুল গান্ধী, এম কে স্টালিন, অখিলেশ যাদব সহ অন্যান্য) মুখ খোদাই করা থাকে। এবার সেই তালিকায় যুক্ত হলেন মমতা বন্দ্যোপাধ্যায়ও।
