কলকাতা- প্রত্যাশা ছিলই। সেই প্রত্যাশা মিটিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়! দুর্গাপুজোর অনুদান এক ধাক্কায় অনেকটা বাড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী। এবার পুজোয় রাজ্যের প্রতিটি পুজো উদ্যোক্তাকে ১ লক্ষ ১০ হাজার টাকা করে অনুদান দেওয়ার কথা ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
গত বছর পুজো কমিটিগুলিকে ৮৫ হাজার টাকা করে দিয়েছিল রাজ্য সরকার। তখনই মুখ্যমন্ত্রী মমতা ঘোষণা করেছিলেন, এ বছর এক লাখ টাকা করে দেওয়া হবে। ফলে সকলের প্রত্যাশা ছিল এবার ১ লক্ষ টাকাই পাবেন। কিন্তু বাস্তবে আরও ১০ হাজার টাকা করে বাড়িয়ে দিয়ে মোট অনুদান ১ লক্ষ ১০ হাজার করে দিয়েছেন মুখ্যমন্ত্রী।
এছাড়াও পুজো কমিটিগুলিকে বিদ্যুতের মাসুলেও ৮০ শতাংশ ছাড় দেওয়ার জন্য সিইএসই এবং রাজ্য বিদ্যুৎ বণ্টন পর্ষদকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি ঘোষণা করেছেন, ৫ অক্টোবর পুজো কার্নিভাল হবে কলকাতায়। তার আগে ২, ৩ এবং ৪ অক্টোবর— এই তিন দিন ধরে প্রতিমা বিসর্জন চলবে।
উল্লেখ্য, ২০১৮ সাল থেকে এই পুজো অনুদান দেওয়া শুরু করেন মুখ্যমন্ত্রী। প্রথম দেওয়া হয়েছিল ১০ হাজার টাকা। বিদ্যুতের বিলে ছাড় মিলত তখন থেকেই। ২০১৯ সালে অনুদান বেড়ে হয় ২৫ হাজার, করোনার সময় তা বেড়ে হয় ৫০ হাজার। ২০২২ সালে তা বাড়িয়ে ৬০ হাজার করেন মুখ্যমন্ত্রী। ২০২৩ সালে অনুদানের অঙ্ক দাঁড়ায় ৭০ হাজার টাকা, ২০২৪ সালে ৮৫ হাজার টাকা।
