কলকাতা- নবান্ন অভিযান ঘিরে রণক্ষেত্র কলকাতা। এবার মিছিলে অসুস্থ হয়ে পড়লেন আরজি করের নির্যাতিতার মা। রেসকোর্সের পাশ দিয়ে এগোনোর সময় নির্যাতিতার মা-বাবাকে আবার আটকে দেয় পুলিশ। ব্যারিকেডে মুড়ে দেওয়া হয়েছিল এলাকা।
এর পর সেখানেই অবস্থানে বসে পড়েন তাঁরা। কিন্তু সেখানেই অবস্থান চলাকালীন অসুস্থ হয়ে পড়েন নির্যাতিতার মা। ইতিমধ্যেই তাঁকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
মহিলা পুলিশের লাঠির আঘাতে জখম হন নির্যাতিতার মা। তিনি বলেন, ‘আমার হাতের শাঁখা ভেঙে দেওয়া হয়েছে। মাথায় মেরে ফুলিয়ে দেওয়া হয়েছে। আমাকে ফেলে দেওয়া হয়েছিল। ধরে তুলেছে। ওঁর বাবাকেও মেরেছে।’
রেসকোর্সে চত্বরে ব্যারিকেডের সামনে অবস্থানে বসার পরই অসুস্থ হয়ে পড়েন নির্যাতিতার মা। অভিযোগ, পুলিশের কাছে জল চাওয়া হলে তা দেয়নি তাঁরা। পরে অবস্থানে থাকা অন্য আন্দোলনকারীরা জল জোগাড় করে আনেন। কিন্তু জল খাওয়ানো ও চোখেমুখে জল দেওয়ার পরেও নির্যাতিতার মায়ের অসুস্থতা না-কমায় তাঁকে নিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
