NRC সার্ভে করছে কল্যাণী এইমস! বড়সড় অভিযোগ মমতার, তড়িঘড়ি জবাব দিল কর্তৃপক্ষ

কলকাতা- এসআইআর আবহে কল্যাণী এইমসের বিরুদ্ধে বড় অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্নে সাংবাদিক সম্মেলন থেকে মুখ্যমন্ত্রীর অভিযোগ, মেন্টাল হেলথ সার্ভের নামে ঘুরপথে এনআরসি (NRC) করছে এইমস।

মমতার অভিযোগ সপাটে খারিজ করে কল্যাণী এইমসের তরফে বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, যা হচ্ছে সেটা রুটিনমাফিক কাজ।

মমতা বলেন, “কল্যাণী এইমসকে অনেক সাহায্য করেছি। উদ্বোধনের সময় আমাদের জানায়নি। মেন্টাল হেলথের নামে পরোক্ষে এনআরসির সার্ভে করছে। কোনও সংস্থা যদি আপনাদের কাছে সার্ভে করতে যায়, তাহলে রাজ্য সরকারের কাছে জেনে নেবেন। আর রাজ্য সরকার যখন করবে জানিয়ে দেবে মেন্টাল হেলথের নাম করে বাড়ি বাড়ি সার্ভে করে একটা পার্টির হয়ে কাজ করা। সরাসরি দলের হয়ে করুক না। লোক নেই বলে?’

মমতা আরও বলেন, ‘এইমসের কাজ রোগী সুস্থ করা — সার্ভে করা নয়। এইমসকে বলব, আপনাদের কাজ রোগী দেখা, অন্যের হয়ে গুপ্তচরবৃত্তি করা নয়। এই খেলা বন্ধ করুন।’

সাধারণ মানুষকে সতর্ক করে মুখ্যমন্ত্রী বলেন, ‘অনেক এজেন্সি, অনেক সংস্থার নাম করে বাড়ি বাড়ি সার্ভে করছে। আপনার ভোটার তালিকা থেকে নাম বাদ দেবে বলে। কাজেই সতর্ক থাকুন। সজাগ থাকুন। রাজ্য সরকারি আধিকারিক ছাড়া কাউকে কোনও তথ্য দেবেন না।’

মুখ্যমন্ত্রীর এহেন বক্তব্য জানাজানি হতেই বিবৃতি প্রকাশ করে কল্যাণী এইমস। তাঁরা জানায় জাতীয় মানসিক স্বাস্থ্য সমীক্ষার দ্বিতীয় পর্যায় চলছে। সমগ্র  প্রক্রিয়াটির চালাচ্ছে বেঙ্গালুরুর ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ অ্যান্ড নিউরো সায়েন্সেস। কল্যাণী এইমস এই সমীক্ষার অংশ। পশ্চিমবঙ্গের ৭ জেলায় এই সমক্ষী চলছে। যে প্রশ্ন মানুষকে করা হচ্ছে তা তার অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ অ্যান্ড নিউরো সায়েন্সেস। সারা দেশেই এই সমীক্ষা চলছে, সাধারণ মানুষের মানসিক স্বাস্থ্যের ছবিটা জানতেই এই সমীক্ষা বলে জানিয়েছে কল্যাণী এইমস কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *