কলকাতা- মধ্যমগ্রাম বিস্ফোরণে ব্যবহার করা হয়েছে আইইডি! এমনটাই প্রাথমিক অনুমান তদন্তকারীদের। রবিবার গভীর রাতে মধ্যমগ্রাম বয়েজ স্কুল সংলগ্ন ‘রবীন্দ্র মুক্ত মঞ্চ’ এলাকায় প্রবল বিস্ফোরণের ঘটনা ঘটে। ইতিমধ্যে নমুনা সংগ্রহ করা হয়েছে। আর তা খতিয়ে দেখে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের তদন্তকারীরা। অনুমান, বিস্ফোরণে ব্যবহার করা হয়েছে আইইডি। তবে তা কম তীব্রতা সম্পন্ন ছিল।
প্রেমের টানেই মৃত যুবক সচ্চিদানন্দ মধ্যমগ্রামে আসে? সোমবার দিনের শেষে সাংবাদিক বৈঠকে সেই ইঙ্গিত দিলেন বারাসত জেলা পুলিশ সুপার প্রতীক্ষা ঝাড়খারিয়া। বিস্ফোরণের পর থেকেই প্রশ্ন উঠছিল ওই যুবক ঠিক কী কারণে উত্তরপ্রদেশ থেকে আসেন?
এদিন পুলিশ সুপার বলেন, ”মৃতের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে প্রাথমিকভাবে জানা গিয়েছে, এখানের কোনও তরুণীর সঙ্গে তাঁর সম্পর্ক ছিল।”
বিস্ফোরণের অভিঘাতে অভিযুক্ত যুবক সচ্চিদানন্দের বাঁ হাত, এবং পা উড়িয়ে গিয়েছে। শরীর জুড়ে তৈরি হয় একাধিক ক্ষত। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে আজ সোমবার সকালে মৃত্যু হয় তাঁর। রাজ্য পুলিশের এসটিএফ ঘটনার তদন্ত করছে। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে এনআইএ।
