ধর্ষণ মামলায় ধৃত আপ বিধায়ক পালাল পুলিশের হেফাজত থেকে! গাড়ি চাপা পড়লেন পুলিশকর্মী

কলকাতা- ধর্ষণ মামলায় গ্রেফতারর হওয়া পঞ্জাবের আম আদমি পার্টির বিধায়ক হরমিৎ পাঠানমাজরা পুলিশের হেফাজত থেকে পালিয়েছেন। অভিযোগ, তাঁকে থানায় নিয়ে যাওয়ার সময় বিধায়ক ও তাঁর সঙ্গীরা পুলিশের উপর গুলি চালায় এবং একজন পুলিশকর্মীকে গাড়ি দিয়ে চাপা দিয়ে পালিয়ে যায়। এই ঘটনার পর বিধায়ককে ধরতে জোরদার তল্লাশি চালাচ্ছে পুলিশ।

জানা গিয়েছে, পঞ্জাবের সানাউর থেকে নির্বাচিত বিধায়ক হরমিৎ পাঠানমাজরাকে আজ সকালে কার্নাল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এর পর তাঁকে স্থানীয় থানায় নিয়ে যাওয়ার সময় বিধায়ক ও তাঁর সঙ্গীরা পুলিশের দলকে লক্ষ্য করে গুলি চালায়।

বিধায়কের বিরুদ্ধে ধর্ষণ, প্রতারণা এবং ভীতি প্রদর্শনের অভিযোগ রয়েছে। একজন ৪৫ বছর বয়সী মহিলার অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করা হয়।

এফআইআর অনুযায়ী, বিধায়ক নিজেকে বিবাহবিচ্ছিন্ন পরিচয় দিয়ে ২০১৩ সাল থেকে ওই মহিলার সঙ্গে সম্পর্কে ছিলেন। ২০২১ সালে তারা নাকি বিয়েও করেন। কিন্তু ২০২২ সালে পাঠানমাজরা যখন বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন, তখন ওই মহিলা জানতে পারেন যে, তাঁর নির্বাচনী হলফনামায় প্রথম স্ত্রীর নাম রয়েছে। এরপর থেকেই বিধায়ক তাঁকে যৌন হেনস্থা, হুমকি দেওয়া এবং অশ্লীল ছবি পাঠানোর মতো কাজ করেছেন বলে অভিযোগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *