কলকাতা- বুধবার নিয়োগ দুর্নীতি মামলায় নিম্ন আদালতে জামিন পেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এর আগে গ্রুপ সি মামলায় সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়েছেন পার্থ।
এবার ৭০০০ টাকার ব্যক্তিগত বন্ডে তাঁকে জামিন দিয়েছে আলিপুর বিশেষ সিবিআই আদালত। এদিনের জামিনে পুজোর আগে স্বস্তি মিলল প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের!
সিবিআইয়ের দায়ের করা নবম-দশম শ্রেণির মামলায় আলিপুর নিম্ন আদালতে জামিন পেলেন তিনি। যদিও এই মামলায় তাঁকে গ্রেপ্তার করেনি সিবিআই। তবে চার্জশিটে নাম থাকায় আজ বুধবার আদালতে হাজিরা দিতে হয় প্রাক্তন শিক্ষামন্ত্রীকে।
এই মামলায় জামিনের আবেদন জানালে তা মঞ্জুর করে আলিপুর বিশেষ আদালত। তবে জামিন মিললেও এখনই জেলমুক্তি হচ্ছে না প্রাক্তন মন্ত্রীর।
প্রসঙ্গত, ২০২২ সালে গ্রেপ্তার হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। একাধিক নিয়োগ মামলায় নাম জড়ায় তাঁর। সেই থেকে এখনও পর্যন্ত জেলেই দিন কাটছে তাঁর।
এমনকী, নাম জড়িয়েছে তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়েরও। অর্পিতার বাড়ি থেকে উদ্ধার হয় প্রায় ৫১ কোটি টাকা।
