কলকাতা – বুধবার ছিল ৫৬ তম জিএসটি কাউন্সিলের বৈঠক। ভারতের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৫০ শতাংস শুল্ক আরোপের পর জিএসটি কাউন্সিলের এই বৈঠকের দিকে তাকিয়ে ছিল ভারতের অর্থনৈতিক থেকে বাণিজ্যিক মহল।
অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের উপস্থিতিতে এই বৈঠকে জিএসটি কাউন্সিল স্থির করেছে নতুন রেট-এ জিএসটি ২২ সেপ্টেম্বর থেকে চালু হবে। প্রসঙ্গত, ২৮ সেপ্টেম্বর থেকে রয়েছে দুর্গাপুজো। তার আগে মহালয়া পার করেই ২২ সেপ্টেম্বর নবরাত্রির প্রথম দিন থেকেই এই নয়া জিএসটি রেট চালু হবে।
জিএসটির মূলত ২ স্ল্যাবের কাঠামোতে শিলমোহর দিয়েছে কাউন্সিল। এক্ষেত্রে কেন্দ্রের প্রস্তাবে শিলমোহর দিয়েছে কাউন্সিল। ফলত এখন থেকে ৫ শতাংশ ও ১৮ শতাংশ, এই দুটি স্ল্যাবে জিএসটি থাকবে।
SIN Goods এবং বিলাসবহুল দ্রব্যের উপর থাকবে ৪০ শতাংশ জিএসটি। ফলে এবার থেকে আর ৫, ১২,১৮, ২৮ শতাংশের জিএসটি স্ল্যাব থাকছে না। সেই জায়গা নিচ্ছে দুই স্ল্যাবের জিএসটি।
সস্তা হচ্ছে কী কী- মাখন, ঘি, চিজ, জ্যাম, সস, সাবান, পাস্তা, নোনতা খাবার, মিষ্টি পড়ছে ৫ শতাংশ জিএসটির আওতায়। এগুলি আগে ছিল ১২ থেকে ১৮ শতাংশ জিএসটিতে। পেস্তা, আমন্ড, লেবু জাতীয় ফল, খেজুর, কাজু জাতীয় খাদ্যে জিএসটি ৫ শতাংশ থাকবে। জিএসটির আওতায় থাকছে না ইউএইচটি দুধ, পনির, পরোটা, পিৎজা, খাখরা, রুটি।
বেশ কিছু জীবনদায়ী ওষুধ যার মধ্যে ক্যানসারের তিনটি ওষুধও রয়েছে, সেগুলির দাম কমবে। বেশিরভাগ ওষুধ, চিকিৎসা সরঞ্জাম, ডায়াগনস্টিক কিট, ব্যান্ডেজ, থার্মোমিটার এবং অক্সিজেনের উপর ১২-১৮% এর পরিবর্তে ৫ শতাংশ কর আরোপ করা হবে। এছাড়াও চুলের তেল, শ্যাম্পু, টুথপেস্ট, সাবান, শেভিং পণ্য, ট্যালকম পাউডার, টুথব্রাশ, মোমবাতি, দেশলাইতে ৫ শতাংশ জিএসটি থাকবে।
বাঁশ বা বেত দিয়ে তৈরি খেলনা, খেলাধুলার সামগ্রী, হস্তশিল্প এবং আসবাবপত্রের পাশাপাশি নোটবুক, পেন্সিল, শার্পনার এবং ইরেজারের মতো স্টেশনারি জিনিসপত্রও সস্তা হবে। সিমেন্টের ওপর হার ২৮% থেকে কমিয়ে ১৮% করা হয়েছে।
৩৫০ সিসির নিচে বাইক, ট্রাক্টর, সাইকেল, বেশ কিছু ধরনের ছোট গাড়ি, ইলেকট্রিক হাইব্রিজ গাড়ি, অ্যাম্বুলেন্সে লেভি কম ধার্য হবে। এছাড়াও মার্বেল, গ্রানাইট ব্লক এবং ফসলের অবশিষ্টাংশ থেকে তৈরি পার্টিকেল বোর্ডের মতো পরিবেশ বান্ধব নির্মাণ সামগ্রীর উপরও মাত্র ৫ শতাংশ কর প্রযোজ্য হবে।
