কলকাতা – গুজরাটে মর্মান্তিক দুর্ঘটনা। পঞ্চমহল জেলার পাবাগড় পাহাড়ে পণ্যবাহী রোপওয়ের তার ছিঁড়ে কমপক্ষে ছয়জনের মৃত্যু হল।
ওই পাহাড়ের উপরে বিখ্যাত মা কালী মন্দির আছে। প্রায় ৮০০ মিটার উচ্চতায় অবস্থিত মন্দিরটি। দুপুর তিনটে নাগাদ যখন পাহাড়ের উপর থেকে রোপওয়ে নেমে আসছিল, সেইসময় দুর্ঘটনা ঘটেছে।
পুণ্যার্থীরা প্রায় ২,০০০ সিঁড়িতে চড়ে বা রোপওয়েতে করে মন্দিরের যান। তবে আধিকারিকরা জানিয়েছেন, খারাপ আবহাওয়ার কারণে গত দু’দিন ধরেই রোপওয়েটি সাধারণ মানুষের জন্য বন্ধ ছিল। তবে পণ্যবাহী রোপওয়ে চালু রাখা হয়েছিল। সেটাই নামার সময় দুর্ঘটনা ঘটেছে। বিভিন্ন সামগ্রী নিয়ে ওঠানামা করে থাকে সেটি। আজ যখন দুর্ঘটনা ঘটে, তখন তাতে মোট ছয়জন ছিলেন।
কীভাবে সেই দুর্ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখতে একটি কমিটি গঠন করেছেন জেলাশাসক। সূত্রের খবর, প্রাথমিকভাবে একটি রিপোর্ট জমা দেবে সেই কমিটি। তারপর পরবর্তী পদক্ষেপ করা হবে বলে সূত্রের খবর।
